চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক বিমান যাত্রীর ব্যাগেজ থেকে ১৫৩ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। রবিবার মধ্যরাতে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম এসব সিগারেট জব্দ করে। বিমানবন্দর এনএসআইর একটি ঊর্ধ্বতন সূত্র ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই টিম শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি বাড়ায়। এ সময় কাস্টম হলে স্ক্যানিং ছাড়াই ব্যাগেজ নিয়ে দ্রুত সরে পড়ার চেষ্টা করছিলেন সাতকানিয়ার আবদুর রহিম। এ সময় তাকে চ্যালেঞ্জ করলে ব্যাগেজ থেকে এসব সিগারেট পাওয়া যায়। জব্দকৃত সিগারেট পরবর্তী আইনি ব্যবস্থা নিতে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।