শীত

কাজী রাশিদা আন্ওয়ার

 

শীত ভোরে হিম হিম

সূর্যটা টিম টিম

কনকনে ঠান্ডাতে

রোদ যেন আইসক্রিম।

 

জঙ্গলে টলমলে

শিশিরের টুপটাপ

গাছতলে ওই ঝরে

হিম কণা চুপচাপ।

 

ঘাসবনে ঝিরঝির

বয় হাওয়া  শিরশির

পিওনি ও সুইটপি’র

দুই চোখে সুইট ড্রিম।

 

রাত্তিরে ঝলমলে

জোছনারা ঝলকায়

খাল-বিলে ঝিলমিলে

স্বপ্নেরা দোল খায়

ঝোপঝাড়ে চিকমিক

জোনাকির পিকনিক

চারদিকে ঝিকমিকে

তারাদের পিদিদম।