ইত্তেফাক রিপোর্ট
‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে চলছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব। গতকাল সোমবার সকালে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে রায়হান স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এবং দুপুরে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী, বিকালে সুবিধাবঞ্চিত শিশুদের ‘মজার ইশকুল’ এর অর্ধশতাধিক শিক্ষার্থী বিনামূল্যে দেশি-বিদেশি চলচ্চিত্র উপভোগ করেন। এছাড়াও ঢাকার বিভিন্ন স্থান থেকে চলচ্চিত্র দেখতে আসা অভিভাবক ও শিশুদের পদচারণায় মুখরিত হয় উত্সব প্রাঙ্গণ ।
এদিকে, সকালে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়াতনে শিশু-কিশোর ও তরুণ চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে ‘চলচ্চিত্রে শব্দ’ বিষয়ক কর্মশালা পরিচালনা করেন সাউন্ড ডিজাইনার নাহিদ মাসুদ। সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে উত্সবের প্রতিনিধিরা উত্সবের লোগো ফিল্ম নির্মাতা প্রতিষ্ঠান প্ল্যাটফরমের সঙ্গে অন্তরঙ্গ আড্ডায় অংশ নেন ।