প্রয়োজন ছাড়াই প্রসূতিকে অস্ত্রোপচার
ইত্তেফাক রিপোর্ট
প্রয়োজন ছাড়া নোয়াখালীর মাইজদির এক প্রসূতিকে অস্ত্রোপচারের অভিযোগে স্থানীয় ট্রাস্টওয়ান হাসপাতাল কর্তৃপক্ষকে কেন ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এছাড়া চিকিত্সায় অবহেলায় জড়িতদের বিরুদ্ধে কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।
লক্ষ্মীপুরের জামাল হোসেন বিপুর মেয়ে রিমা সুলতানা নিপাকে ২০১৯ সালের ৮ জুন ট্রাস্টওয়ান হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তখন জানায়, রোগীর অস্ত্রোপচারের বিকল্প নেই। ৯ জুন অস্ত্রোপচার সম্পন্ন হয়। যদিও আলট্রাসনোগ্রামে প্রসূতির জটিলতা ছিল না। এমনকি অস্ত্রোপচারের প্রয়োজনও ছিল না। ১২ জুন প্রসূতিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিলে তিনি বাড়িতে ফিরে যান। পরে শারীরিক জটিলতায় আবারও ঐ হাসপাতালে ভর্তি হন তিনি। কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। এ নিয়ে হাইকোর্টে রিট করা হয়। আবেদনের পক্ষে আইনজীবী মো. জে আর খান রবিন শুনানি করেন।