হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
ইত্তেফাক রিপোর্ট
এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ কাটা রোধে লোডারদের (মালামাল খালাসে নিয়োজিত কর্মী) পকেটবিহীন পোশাক বাধ্যতামূলক করা হচ্ছে। আগামী এক মাসের মধ্যে শাহজালাল বিমানবন্দরে পকেটবিহীন নতুন পোশাকে দেখা যাবে লোডারদের। বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
যাত্রীদের লাগেজ কাটা বা চুরির বিষয়ে গতকাল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মহিবুল হক সাংবাদিকদের বলেন, বিমানবন্দরে কোনো লাগেজ কাটে না। বিমানবন্দরে সিভিল এভিয়েশন, এপিবিএন, এনএসআইসহ বিভিন্ন সংস্থার আলাদা সিসি ক্যামেরা আছে। কোথাও কোনো লাগেজ কাটার সুযোগ নেই, এমনকি কেউ যদি চেইন খুলে হাত ঢোকানোর চেষ্টা করে সঙ্গে সঙ্গে তাকে ধরে জেলে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আমরা লাগেজ ব্যবস্থাপনাকে সমন্বয় করিনি। এটা কেন্দ্রীয় ব্যবস্থায় থাকা উচিত। এতে কাজটা ভালো হবে, কোনো অনিয়ম হলেই ধরা পড়বে। এনএসআইয়ের হাতে ধরা না পড়লে এপিবিএনের হাতে ধরা পড়বে। বিমানে যদি কোনো লুজ লাগেজে লোডাররা হাত দেয়, সেখানে আসলে আমাদের দেখার সুযোগ নেই। তবে এর প্রিভেনটিভ হিসেবে লোডারদের জন্য পকেটবিহীন প্যান্ট ও শার্টের ব্যবস্থা করছি। সেগুলোর অর্ডার দেওয়া হয়ে গেছে, মাসখানেকের মধ্যে পেয়ে যাব।