প্রতিবন্ধীদের হাতের ছোঁয়ায় হরেক পণ্য

শেকৃবি সংবাদদাতা 

সমাজের এখনো অনেকেই প্রতিবন্ধীদের বোঝা মনে করেন। তবে তাদের ভুল ভাঙাবে বাণিজ্য মেলায় প্রতিবন্ধীদের হাতে তৈরি বাহারি পণ্য। ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতিবন্ধীদের হাতে তৈরি মুক্তা পানিসহ প্রায় ৭২ ধরনের প্ল­াস্টিক পণ্য নিয়ে এসেছে ‘মৈত্রী শিল্প’। মিনি প্যাভিলিয়ন নম্বর ৫ এ দেখা মিলবে এসব শিল্পপণ্যের। ‘মৈত্রী শিল্প’ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট কর্তৃক পরিচালিত হয়। প্রতিবন্ধীরা আজ স্বাবলম্বী হচ্ছেন। তারা এখন আর দেশের সমস্যা নয় বরং দেশের সম্পদ এমনটিই মনে করছেন মেলায় আগত ক্রেতা দর্শনার্থীরা।

প্রতিবন্ধীদের তৈরি পণ্যের মধ্যে মুক্তা পানির চাহিদা সবার শীর্ষে। এছাড়াও রয়েছে  প্ল­াস্টিকের বিভিন্ন সাইজের এয়ারটাইট বক্স, বালতি, মগ, প্লেট, বাটি, ঝুড়ি, বেলচাসহ গৃহস্থালির দৈনন্দিন কাজে ব্যবহূত বিভিন্ন পণ্য। ‘মৈত্রী শিল্প’ প্যাভিলিয়নে আসা এক দর্শনার্থী বলেন, ‘প্রতিবন্ধীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো উচিত। তারা কাজ করে স্বাবলম্বী হচ্ছেন, অনেকে বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হচ্ছেন। শারীরিক সক্ষমতার চেয়ে মানসিক শক্তিই বেশি গুরুত্বপূর্ণ। প্রতিবন্ধীদের তৈরি এসব পণ্যে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। তাদের উন্নত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করে এসব পণ্য দেশের সবজায়গায় ছড়িয়ে দেওয়া হোক।’ 

মার্কেটিং ম্যানেজার মো. সাইফুল ইসলাম বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে মৈত্রী শিল্পের আওতায় প্রতিবন্ধীরা এসব পণ্য তৈরি করেন। তাদের তৈরি পণ্য সবার কাছে তুলে ধরতেই বাণিজ্য মেলায় আসা। ক্রেতা দর্শনার্থীদের যথেষ্ট সাড়া পাচ্ছি। এসব অর্থ শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের মাধ্যমে তাদের জন্য ব্যয় করা হবে। মৈত্রী শিল্প প্রতিষ্ঠানটি এখন প্রতিবন্ধীদের জন্য আশ্রয় কেন্দ্রে রূপান্তরিত হয়েছে।’