বান্দরবানের লামায় পরকীয়ার অভিযোগে স্ত্রী শাহীনা আক্তারকে (২৬) কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। এ সময় স্ত্রীর প্রেমিকও আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ঐ নারীর স্বামী জাকির হোসেনকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লামার আজিজনগর ইউনিয়নের তেলুনিয়া পাড়ায় ভোররাতে স্ত্রীর সঙ্গে কথিত প্রেমিক মো. মিজানকে দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন জাকির। তিনি ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন। এসময় স্ত্রীর প্রেমিক মো. মিজানকেও কুপিয়ে আহত করেন তিনি। আহত যুবককে উন্নত চিকিত্সার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শাহীনা আক্তার স্থানীয় বাসিন্দা ইব্রাহিমের কন্যা। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা জানান, স্ত্রীকে হত্যার দায়ে স্বামী জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আহত অবস্থায় প্রেমিক যুবককে চট্টগ্রামে পাঠানো হয়েছে। এ ঘটনায় লামা থানায় একটি মামলা করা হয়েছে।