তিন শিশুসহ সড়ক দুর্ঘটনায় নিহত ছয়

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

গাংনী (মেহেরপুর): গাংনীতে মোটরসাইকেল চাপায় জেবা খাতুন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল গাংনী-হাটবোয়ালিয়া সড়কের ইকুড়ীতে এ দুর্ঘটনা ঘটে। জেবা রাইপুর ইউনিয়নের ইকুড়ী গ্রামের জসিমের মেয়ে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। এদিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ছাতিয়ানায় ইজিবাইক খাদে পড়ে মোহাম্মদপুর গ্রামের সাত জন আহত হয়েছেন।

সাভার: সাভারে অটোরিকশা চাপায় আঁখি আক্তার (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল সাভার-বিরুলিয়া রোডের রাজাশন পলু-মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আঁখি আক্তার মানিকগঞ্জ জেলার ও দৌলতপুর  থানা এলাকার আমজাদ মণ্ডলের মেয়ে।

বদরগঞ্জ (রংপুর): বদরগঞ্জে অটোরিকশাার ধাক্কায় অভি রায় (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল পৌরশহরের মুন্সিপাড়া মহল্লার ১৩ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অভি মুন্সিপাড়া মহল্লার ১৩ নম্বর রেলগেট এলাকার মিলন রায়ের ছেলে।   

নেত্রকোনা: নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে গতকাল ট্রাকের ধাক্কায় অসীম রায় (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। অসীম রায় নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা গ্রামের অধিবাসী।

সাতক্ষীরা: হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে থ্রি হুইলার মহেন্দ্র খাদে পড়ে চালক আবদুুস সামাদ মোড়ল (৫২) নিহত হয়েছেন। গতকাল তালা উপজেলার পাটকেলঘাটা থানার হারুন-অর-রশিদ কলেজর সামনে এ দুর্ঘটনা ঘটে। আবদুস সামাদ নগরঘাটা এলাকার।

শেরপুর (বগুড়া): ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর বাজারে গতকাল রাস্তা পারপারের সময় শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় জেসমিন (২০) নামে এক নারীর মৃত্যু হয়। জেসমিন মহীপুর গ্রামের লালচান মিয়ার কন্যা।