মামলা-হামলা করে সরকার নির্বাচনি মাঠ ফাঁকা করতে চায় বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেন, আমাদের ওপর হামলা করে উলটো আমাদের নেতাকর্মীদের নামেই মামলা দেওয়া হয়েছে। ওয়ারী থানা পুলিশ পাঁচ জনকে গ্রেফতারও করেছে। বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি আরো বলেন, আমরা আহ্বান জানাব অতীতের মতো ভোটের মাঠ ফাঁকা না করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করুন। আমরা শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনে বিশ্বাসী।
ইশরাক বলেন, এতদিন আমি শান্তিপূর্ণভাবে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করে এসেছি। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দেখা হলে আমি কুশলবিনিময় করি। কিন্তু রবিবার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। আমি বাসায় যাওয়ার পথে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ও সমর্থকরা হামলা চালায়। সাংবাদিকসহ অনেকে আহত হন। আমরা আশঙ্কা করেছিলাম যে হামলা-মামলার মাধ্যমে মাঠ ফাঁকা করার চেষ্টা হতে পারে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে মনে হচ্ছে।
ইশরাক বলেন, আমি শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাসী। এ সময় তার নির্বাচনি কার্যক্রমসহ সার্বিক সহযোগিতার জন্য গণমাধ্যমকে ধন্যবাদ জানান তিনি। বলেন, আমি বয়সে তরুণ। এই ঢাকায় আমার বেড়ে ওঠা। সুযোগ পেলে একটি বাসযোগ্য ঢাকা গড়তে চাই। নগরবাসীর জন্য আমার জীবন উত্সর্গ করতে চাই। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি।
সাংবাদিক সমাজের পক্ষ থেকে ইশরাককে ধন্যবাদ জানান দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম। তিনি বলেন, আমরা মনে করি এই মতবিনিময়ের মধ্য দিয়ে জাতীয় প্রেসক্লাব যে অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনায় বিশ্বাসী, এটি যে সবার একসঙ্গে চলার একটি আদর্শিক জায়গা, সেটি আবার প্রমাণিত হয়েছে।
সভায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, ওমর ফারুক, শ্যামল দত্ত, শাহেদ চৌধুরী, মাঈনুল আলম প্রমুখ।