রাজধানীর গোপীবাগে গত রবিবার দুপুরে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ভিডিও ফুটেজ থেকে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। ঘটনাস্থলের আশপাশের বাড়িতে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরা থেকে সংগৃহীত ভিডিও ফুটেজে সংঘর্ষে জড়িতদের ছবি পেয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। তাদের মধ্যে থেকে গতকাল পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে ওয়ারী থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সোহেল, তুহিন, বিল্লাল, ফারুক ও মুন্না। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ এক দিনের রিমান্ডে নিয়েছে।
হামলার ঘটনায় রবিবার রাতে মাকসুদ আহমেদ নামের একজন ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বাদী ৩৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী রোকন উদ্দিন আহেমেদের নির্বাচনি পরিচালনা কমিটির সদস্যসচিব। ঐ মামলায় নামীয় ৫০ ও অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে।