ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। এতে তিনি ১৭ দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। গতকাল সোমবার রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ইশতেহার ঘোষণা করেন।
এসময় হাজী মিলন বলেন, সরকার চাইলে ইভিএমেও সুষ্ঠু ভোট সম্ভব। আমরা আশা করছি এবার আর আগের রাতে ভোট হবে না। ভোটাররা এখন আর ভোট দিতে আগ্রহী নন। তাই ইমেজ রক্ষার্থে হলেও সরকারের উচিত সিটি নির্বাচন সুষ্ঠু করা। প্রশ্নের জবাবে মিলন বলেন, সরকার না চাইলে নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট করতে পারে না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, গেলো সিটি নির্বাচনে জনমত যাচাইয়ের কোনো সুযোগই ছিল না। এবার সুষ্ঠু নির্বাচন হলে ত্রিমুখী লড়াই হবে। জাপার প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, আলমগীর সিকদার লোটন ও জহিরুল ইসলাম জহির, উপদেষ্টা জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, মোবারক হোসেন আজাদ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
এদিকে, মিলন গতকাল রাজধানীর গুলিস্তান থেকে শুরু করে নয়াবাজার, রায়সাহেব বাজার, ইংলিশ রোড, কোর্টকাচারি, বাংলাবাজার, নর্থসাউথ রোড, সদরঘাট, লক্ষ্মীবাজার, টিপু সুলতান রোড, ওয়ারি, টিকাটুলিতে গণসংযোগ করে নিজ প্রতীক ‘লাঙ্গল’ মার্কায় ভোট চান। এসময় মিলন বলেন, মেয়র হতে পারলে যানজটমুক্ত তিলোত্তমা স্বপ্নের ঢাকা গড়ব। শহরকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত করব। এসময় তার সঙ্গে ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, মহানগর নেতা এম এ সোবহান, আবুল কালাম আজাদ প্রমুখ।