করোনা ভাইরাস ঠেকাতে ৯০০ কোটি ডলার তহবিল বরাদ্দ চীনের

চীনে করোনা ভাইরাস ঠেকাতে ৯০০ কোটি ডলারের একটি তহবিল বরাদ্দ করেছে সরকার। দেশটিতে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে। প্রায় ৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। সাংহাইয়ে ব্যবসা-বাণিজ্য ও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। নববর্ষের ছুটিও বাড়ানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, করোনা ভাইরাস নিয়ে চীনের সঙ্গে গভীর যোগাযোগ আছে তার দেশের। খবর সিএনএন ও রয়টার্সের

চীনের অর্থ মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিষয়ক কমিশন জানিয়েছে, ভাইরাস যাতে ছড়াতে না পারে সেজন্য ৯০০ কোটি ডলারের তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে। সাংহাইয়ের সরকার জানিয়েছে, আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সকল ব্যবসা-বাণিজ্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কেবল জরুরি প্রয়োজনে গ্যাস, ফার্মাসিউটিক্যালস ও সুপার মার্কেট খোলা থাকবে। আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যত্র অবস্থান করা ব্যবসায়ীরা সাংহাইতে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবেশ করতে পারবেন না।

চীনে নববর্ষের ছুটি তিন দিন বাড়ানো হয়েছে। জরুরি ক্ষেত্রে বাসায় বসে অফিসের কাজ করার নিদের্শনা দেওয়া হয়েছে। চীনের অন্তত ৬০ মিলিয়ন মানুষ এই ভাইরাসের কারণে সংকটে পড়েছে। অনেক শহরে যানবাহন চলাচলও নিষিদ্ধ করা হয়েছে। ৩ হাজারের বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক হুবেই প্রদেশেই মারা গেছে ৭৬ জন। চীনের বাইরে অন্তত ৫০ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রে পাঁচ জনের সংক্রমিত হওয়ার তথ্য জানা গেছে।