স্বাধীনতাবিরোধী অপশক্তিরা এখনও নানা ষড়যন্ত্র-চক্রান্ত করছে

জাতির পিতা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এ দেশে কেউ রাজনীতি করতে পারে না। বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে একটি দেশকে হত্যার চেষ্টা করা হয়েছে। স্বাধীনতাবিরোধী অপশক্তিরা এখনও নানা ষড়যন্ত্র-চক্রান্ত করছে। এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

গতকাল সোমবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে সরকারি দলের সংসদ সদস্যরা এসব কথা বলেন।

তারা বলেন, জনমত জরিপেই উঠে এসেছে, দেশের ৮৬ ভাগ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থাশীল। আর দেশের মাত্র ৬ শতাংশ মানুষ বিএনপির প্রতি আস্থাশীল। এতেই প্রমাণ হয়, বিএনপি ও তাদের সঙ্গে থাকা স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তিরা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্রথমে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং পরে ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমিন, সরকারি দলের নেছার আহমদ, মজাহারুল হক প্রধান, সেলিম আলতাফ জর্জ, আনোয়ারুল আজিম আনার, আহসানুল ইসলাম টিটু, বেগম জাকিয়া পারভীন খানম, আবু জাহির, বেগম ফেরদৌসী ইসলাম, মোজাফফর হোসেন ও জাতীয় পার্টির নাজমা আখতার।