টনি ডায়েসকে ঘিরে বন্ধুত্ব উদযাপন

একে বলা যায় বন্ধুত্ব উদযাপন। নব্বই দশকে ছোটপর্দার দারুণ মিষ্টি প্রেমের নাটকের নায়ক হিসেবে টনি ডায়েস এ সময়ের অগণিত যুবকের স্মৃতির আঙিনায় মুগ্ধতার বিড়াল হয়ে আজো ঘুরে বেড়ায়। থিয়েটার, ছোটপর্দা আর বিজ্ঞাপন মিলিয়ে দাপিয়ে বেড়ানোর নিজ শহর ঢাকা ছেড়ে নিউইয়র্কে পাড়ি দিয়েছেন সেও ক্যালেন্ডারের দিন গুনে দীর্ঘকাল।

স্ত্রী প্রিয়া ডায়েস ও তাদের একমাত্র কন্যাকে নিয়ে সুখের সংসার নিউইয়র্কের লং আইল্যান্ডে। টনি ডায়েসের নিউইয়র্কের বাড়িটিও বিখ্যাত এবং দারুণ প্রিয় শোবিজের অধিকাংশের কাছেই। কারণ যুক্তরাষ্ট্রের বরফের দিন পেরিয়ে খানিক রোদ উঠলেই অগণিত কালচারাল ইভেন্টে প্রায় প্রতিমাসেই একাধিক তারকা ভিড় জমান। নানা অনুষ্ঠান আয়োজন তো রয়েছেই, এর পাশাপাশি বিশেষ ক্যাটাগরির ইমিগ্র্যান্ট হিসেবে একাধিক তারকা এরই ভেতরে তাদের সেকেন্ড হোম করছেন নিউইয়র্কে। এ তালিকা এখন বেশ লম্বা।

তাই ঢাকার পরেই নিউইয়র্কে গ্রীষ্মকালীন কোনো সাংস্কৃতিক সন্ধ্যায় এত এত তারকার জমাটি আড্ডা হয়, যা সত্যিই অবাক ও মুগ্ধ করার মতো। সেই সূত্রে টনি-প্রিয়া দম্পতি তাদের নিজ দেশের ভালোবাসার ও প্রাণপ্রিয় কলিগদের দেখা পেয়ে উচ্ছ্বসিত। প্রতিবছরই একাধিক তারকা তা প্রবাসী হোক বা ঢাকা থেকে আগত হোক, তাদের নিয়ে ভুরিভোজ বা আনন্দ-আড্ডার দারুণ একপসরা জমবেই টনি ডায়েসের দারুণ সেই ভালোবাসার রাজপ্রাসাদে। প্রায় সময়ই ফেসবুক ঘিরে যুথবদ্ধ সেই ছবির আনন্দযোগ দেখেছেন অনেকেই। আতিথেয়তা আর নিজের পুরনো কলিগদের একেবারে আপন করে নেওয়ার ক্ষমতা সবার থাকে না। টনি-প্রিয়াদের রয়েছে। এমন উদার মানসিকতা এই না দেখা ভার্চুয়াল যুগে সত্যিই অনবদ্য।

সেই বন্ধুত্বের জের ধরেই হয়তো ঢাকায় এমন ফ্রেমের জন্ম নিলো। না, টনি ডায়েস নতুন কোনো নাটকের শুটিংয়ের জন্য আসেননি। দীর্ঘ ৫ বছর পর দেশে এলেন। নিউইয়র্ক থেকে ঢাকা নেমেই কক্সবাজারে ছুট দিয়েছিলেন নিজেদের কৈশর তারুণ্যের ৪০ জন বন্ধুর এক রি-ইউনিয়নে। সেসব বন্ধুরা বিভিন্ন দেশ থেকে নিজেদের ভেতরে আলাপ-সালাপ সেরে তবেই তাদের এই এক হওয়া। সেখান থেকে আবারো নিউইয়র্ক ফেরার পথে গত সোমবার অর্থাত্ ২৭ জানুয়ারি ঢাকায় ছিলেন মাত্র কয়েকঘণ্টা। সেইদিনই অভিনেত্রী তারিনের উদ্যোগে ঘটলো মিলনমেলা। একে একে শহীদুজ্জামান সেলিম, তৌকীর আহমেদ, আজিজুল হাকিম, সুইটি, রুনা খান, মৌসুমী নাগ, ছন্দা, ভাবনাসহ অনেকেই এলেন। হৈ হুল্লোড় আর পুরনো দিনের স্মৃতি উত্সবই হওয়ার কথা এমন দিনে। এ রকম আনন্দযোগের ছবি টনি-প্রিয়া ডায়েসের বাসায় অনেক গুচ্ছ আকারে রয়েছে। তারই ধারাবাহিকতায় যেন ঢাকায় তৈরি হলো এমন বন্ধুত্বের  নিবিড় ভালোবাসার উদযাপন। তাই ছবির ক্যাপশনে লোকেশন ঢাকা কিংবা নিউইয়র্ক না দিলে যে কেউ বিভ্রান্তিতে পড়বেন নির্ঘাত!

ছবিতে প্রিয় বন্ধু-কলিগ টনি ডায়েসকে ঘিরে ছোটপর্দার সুন্দরীরা।