ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে আইসিসি টেস্ট র্যাংকিংয়ে দুধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এলো।
যদিও ইংল্যান্ড চতুর্থস্থানে থাকা নিউজিল্যান্ডের সমান ১০৫ রেটিং পেয়েছে। তবে ভগ্নাংশের হিসেবে এগিয়ে যায় ইংলিশরা। সিরিজ হারে দক্ষিণ আফ্রিকা একধাপ পিছিয়ে পঞ্চমস্থানে নেমে গেছে। তাদের রেটিং এখন ৯৮। প্রথম ও দ্বিতীয় স্থানে আছে ভারত ও অস্ট্রেলিয়া।
জো রুটের দল গত সোমবার রাতে জোহানেসবার্গে চার টেস্টের এ সিরিজের শেষটিতে ১৯১ রানে জয়ী হয়। এটি হলো চার বছরের মধ্যে বিদেশে ইংল্যান্ডের কেবল দ্বিতীয় সাফল্য। ১৯১৩-১৪ মৌসুমের পর দক্ষিণ আফ্রিকা সফরে প্রথমবারের মতো তিনটি জয় পেল ইংলিশরা। এটি আবার প্রোটিয়াদের বিরুদ্ধে টানা তৃতীয় টেস্ট সিরিজ জয়।
সিরিজের শুরুটা মোটেও ভালো হয়নি ইংল্যান্ডের। সেঞ্চুরিয়ানে ১০৭ রানে হেরে সিরিজ শুরু করে রুট-স্টোকসরা। হার দিয়ে শুরু হলেও, সিরিজে ঘুরে দাঁড়াতে মোটেও সময়ক্ষেপণ করেনি ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
কেপ টাউনে দ্বিতীয় টেস্টে ১৮৯ রানে জয় দিয়ে সিরিজে সমতা আনে ইংল্যান্ড। এরপর পোর্ট এলিজাবেথে ইনিংস ও ৫৩ রানে জিতে সিরিজে এগিয়ে যায় ইংলিশরা। আর গতকাল শেষ হওয়া জোহানেসবার্গ টেস্টে ১৯১ রানে জিতে সিরিজ নিজেদের করে নেয় রুটের দল।
সিরিজ জয়ে র্যাংকিংয়ে উন্নতির পুরস্কারও পেয়ে গেল ইংল্যান্ড। তবে ১২০ রেটিং নিয়ে র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। ১০৮ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। ৬০ রেটিং নিয়ে নবম স্থানে বাংলাদেশ।
আইসিসি টেস্ট র্যাংকিং
র্যাংকিং দল রেটিং
১ ভারত ১২০
২ অস্ট্রেলিয়া ১০৮
৩ ইংল্যান্ড ১০৫
৪ নিউজিল্যান্ড ১০৫
৫ দক্ষিণ আফ্রিকা ৯৮
৬ শ্রীলঙ্কা ৯২
৭ পাকিস্তান ৮৫
৮ ওয়েস্ট ইন্ডিজ ৮১
৯ বাংলাদেশ ৬০
১০ আফগানিস্তান ৪৯
১১ জিম্বাবুয়ে ১৬
১২ আয়ারল্যান্ড ০
বাসস/বিবিসি