ভোলা ও ঝিনাইদহে বিক্রি হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে

শীতেও ধরা পড়ছে ইলিশ

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি

ভোলার সাগর মোহনার মেঘনা-তেঁতুলিয়ায় গত কয়েক দিন ধরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ। শীত মৌসুমে হঠাত্ জালে এত ইলিশ ধরা পড়ায় জেলেরাও অবাক। এতে এ অঞ্চলের মত্স্য আড়তে ইলিশ বেচাকেনার ধুম পড়েছে। মাছের বাজারের পাশাপাশি শহরের বিভিন্ন মোড়ে বসে বসে ফেরি করে এখন ইলিশ বিক্রি হচ্ছে।

ভোলার নাছিরমাঝি মত্স্য ঘাটের আড়তদার সিরাজ হাওলাদার বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মা মাছ ধরা বন্ধ থাকায় সাগর ও নদীতে মাছের উত্পাদন বেড়েছে। ফলে শীত মৌসুমেও জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। তিনি জানান, বর্ষার মতো শীতে ইলিশের বেশি চাহিদা থাকে না। তাই চাহিদার তুলনায় ইলিশ আমদানি বেশি হওয়ায় পাইকারি ও খুচরা বাজারে দাম কমেছে।

জেলা মত্স্য কর্মকর্তা আজহারুল ইসলামের জানান, শীতের মৌসুমেও এই অঞ্চলে ইলিশ ধরার বিষয়টি চোখে পড়ার মতো। চলতি অর্থবছরে জেলায় ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা ১ লাখ ৬০ হাজার মেট্রিক টন। ডিসেম্বর পর্যন্ত প্রায় ১ লাখ টন ছাড়িয়েছে।

ইলিশ নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ইকো ফিসের ভোলা জেলায় কর্মরত গবেষণা সহযোগী অংকুর মোহাম্মদ ইমতিয়াজ জামান জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবং বঙ্গোপসাগর ও সাগর মোহনার নদীতে ইলিশের দ্বিতীয় প্রজনন মৌসুমে (জানুয়ারি-মার্চ) মা-ইলিশের বড়ো একটি অংশ স্বাভাবিকের চেয়ে বেশি ডিম ছাড়ায় ভোলার সাগর মোহনার মেঘনা-তেঁতুলিয়ায় গত কয়েক দিন ধরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ।

এদিকে ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, ঝিনাইদহ জেলার হাটবাজারগুলোতে এখন ইলিশের ছড়াছড়ি। দামও সস্তা। সাধারণ মানুষের নাগালের মধ্যে। অতীতে এসময় হাটবাজারে এত ইলিশের দেখা মেলেনি।

ঝিনাইদহের মাছের আড়তদার আসাদুল ইসলাম জানান, ঝিনাইদহ নতুন হাটখোলার মাছের আড়তগুলোতে উপকূলীয় জেলাগুলোর মত্স্য মোকাম থেকে প্রতিদিন ৫০-৬০ মণ করে ইলিশ আসছে। এসব ইলিশ স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে। তাছাড়াও জেলার বিভিন্ন হাটবাজারে নিয়ে যাচ্ছে ব্যাপারীরা। ছোটো সাইজ ইলিশ (১৫০-২০০ গ্রাম ওজন) প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।  ৫০০ গ্রাম সাইজের ইলিশ বিক্রি হচ্ছে  ৪৫০ টাকা থেকে ৫০০ টাকা কেজি দরে। এক কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে। ইলিশের ভরা মৌসুম সেপ্টেম্বর মাসেও এত কম দামে ইলিশ মেলেনি।

বরিশাল জেলা পাইকারি মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি আলি আশরাফ জানান, এবার সাগর ও নদী মোহনায় প্রচুর ইলিশ ধরা পড়ছে। এসব ইলিশ উপকূলীয় জেলাগুলোর মত্স্য বন্দরগুলোতে জেলেরা নিয়ে আসছে। তারপর দেশের অভ্যন্তরে চালান পাঠানো হচ্ছে।

তিনি বলেন, প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ রাখার কারণে ইলিশের সংখ্যা ব্যাপক বেড়ে গেছে।