সিটি ভোটে জেগে ওঠে জনতা
ভালো লাগে এ-আনন্দঘনতা...
এঁকেবেঁকে হাঁক ছেড়ে সে-মিছিল
সীমানা ছাড়িয়ে যায় খোশ দিল!
কান থাকে কানখানে অনাবিল
তবু কান নিয়ে যায় বুনো চিল:
কানে-মুখে তা-ই শুনে কিলবিল
হাতাহাতি, লাঠালাঠি, ঘুষি, কিল...
মামলা-হামলা-ঝামলা
মুখ তা-ও রোদে হাসা গামলা!
প্রচারণা-প্রবারণা চলছে
লোকজন দোষ-গুণ বলছে...
পোস্টার-ফেস্টুন দুলছে
টিভিম্যান কত ছবি তুলছে:
প্রার্থীর প্রতিশ্রুতি, প্রত্যয়...
এনে দেবে তার জয় নিশ্চয়
তাই তার মুখে হাসি নির্ভীক
দলবল নিয়ে ছোটে দশ দিক...
বঞ্চিত পুরবাসী মুখ কালো
এই সব ফাঁকা বুলি জানে ভালো:
জিতে গেলে ভুলে যাবে প্রার্থীরা
বুকে-মুখে গোমড়াবে আর্তিরা...
তবু চা’র কাপে ঝড়, টানে ধোঁয়া
চামচা ধরিয়ে দেয় হাতে মোয়া:
হইচই, শোরগোল, তণ্ডা...
বাড়তি কামিয়ে নেয় ষন্ডা!
তবু এই গণভোট উত্সব
ভিন সুরে মনজুড়ে অনুভব:
সিটি ভোটে জেগে ওঠে জনতা
ভালো লাগে এ-আনন্দঘনতা...