স্পোর্টস রিপোর্টার
স্বাধীনতা কাপ ফুটবল ফাইনালের অপেক্ষায়। ২৬ ডিসেম্বর ফাইনাল। ফাইনালে দুই দল ছাড়া মোহামেডান-আবাহনী এরই মধ্যে প্রিমিয়ার লিগের প্রস্তুতি শুরু করেছে। গতকাল মোহামেডান এবং আবাহনী অনুশীলনে নেমেছে। স্বাধীনতা কাপে অনেক আগেই বিদায় নিয়েছে মোহামেডান। গ্রুপ পর্ব হতে বিদায় নেওয়া মোহামেডানের অনুশীলন বন্ধ ছিল। ছুটিতে পাঠানো হয়েছিল ফুটবলারদের। ২০ ডিসেম্বর শুরু হওয়ার কথা থাকলেও খেলোয়াড় সংকটে হয়নি। একজন দুই জন করে ক্লাবে জড়ো হতে সময় লেগে গেল। গতকাল বিকালে বুয়েট মাঠে মোহামেডান অনুশীলন শুরু করল। কিন্তু দলের কোচ নেই। ইংলিশ কোচ ক্রিস্টোফার ইভান্স আসবেন না বলেই ক্লাবের বিভিন্ন সূত্রের দাবি। ২০০৭ সালে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর ১০টি আসর হয়ে গেলেও মোহামেডান ট্রফির দেখা পায়নি। মোহামেডান প্রিমিয়ার লিগের গত আসরে পঞ্চম স্থান পেয়েছিল। এবার নতুন মৌসুমে ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের দুটি আসরের গ্রুপ পর্বেই বিদায় নেয়। ৯ ডিসেম্বর শেষ খেলার পর মোহামেডান ফুটবলাররা ছুটিতে যায়। গতকাল তারা অনুশীলন শুরু করে লিগে প্রস্তুতি হিসেবে। কোচ আনা হবে কি হবে না তা জানতে দলের ফুটবল ম্যানেজার আমিরুল ইসলাম বাবুকে পাওয়া যায়নি। তার ভাগ্নে জামাই জাহিদ হাসান এমিলিকেও ফোনে পাওয়া যায়নি। আসন্ন প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে মোহামেডানের স্থান কোথায় গিয়ে দাঁড়ায় তা নিয়ে সাদাকালো ফুটবল সমর্থকরা দুশ্চিন্তায় রয়েছেন।
মোহামেডানের সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ থাকলেও আবাহনীর সমর্থকরা বিপরীত অবস্থানে। প্রিমিয়ার লিগের প্রথম আসরেই হ্যাটট্রিক শিরোপা নিয়েছে। লিগের বর্তমান চ্যাম্পিয়নও তারা। তারপরও অনুশীলনে লম্বা ছুটি নেই। ফেডারেশন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন আবাহনী এএফসি কাপে খেলার সুযোগ করে নিয়েছে। স্বাধীনতা কাপের সেমিফাইনালে টাইব্রেকারে দুর্ভাগ্যজনকভাবে হেরে বিদায় নেয়। লম্বা খেলার মধ্যে থেকেও সেমিফাইনালের পর দিন ছুটি কাটিয়ে গতকালই অনুশীলনে নেমেছে আবাহনী। একদিন ছুটি কাটানো আবাহনীর চোখ প্রিমিয়ার লিগে। ১৫ জানুয়ারি লিগ শুরু হওয়ার কথা রয়েছে। সময় কম। টানা অনুশীলন চলবে বলে আবাহনীর সহকারী ম্যানেজার নজরুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, ‘ইনজুরিতে থাকা ফাহাদ, সাদ উদ্দিন, তপু বর্মন ইনজুরিতে মামুন মিয়া সাসপেন্ড।
স্বাধীনতা কাপের ফাইনালে উঠা শেখ রাসেল ক্রীড়া চক্র ও বসুন্ধরা কিংস অনুশীলনে রয়েছে। ৫ দিন ছুটি কাটিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবও অনুশীলন শুরু করে দিয়েছে। তাদের নাইজেরিয়ান কোচ যোসেফ আফুসি আজ বড় দিনের ছুটি কাটাতে লন্ডন যাচ্ছেন। আর্জেন্টনাইন কোলম্যান দায়িত্ব পালন করবেন বলে দলের ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল জানিয়েছেন। তিনি বলেন, ‘এখন আমার কন্ডিশনাল ক্যাম্প করছি। কোলম্যান সেটা চালিয়ে নেবেন। আফুসি আসলে পুরো অনুশীলন শুরু হবে। যদি ১৫ জানুয়ারি লিগ শুরু হয় তাহলে আমাদের ভেন্যু ফরিদপুরে ৭ বা ৮ জানুয়ারি চলে যাব।’
ব্রাদার্সের ফুটবল দল ছুটিতে রয়েছে। কারণ তাদের ক্লাবে আসন্ন জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্র স্থাপন করা হয়। দলের ফুটবল ম্যানেজার আমের খান বলেন, ‘ভোট কেন্দ্র হলে সেখানে খেলোয়াড়দের ফুটবল ক্যাম্প করা যায় না বলেই ছুটি দেওয়া হয়েছে। কোচ নইম ভাইও দেশে ফিরে গেছেন।’