টোল আদায় বন্ধ তিন ঘণ্টা
ভুঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিমপাড়ে টোল আদায় প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে সেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা ও সেতু পশ্চিম পাড় থেকে কড্ডার মোড় পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। মঙ্গলবার ভোর ৪টা থেকে সকাল পৌনে ৭টা পর্যন্ত টোল প্লাজায় টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ টোলপ্লাজা বন্ধ রাখায় এ যানজটের সৃষ্টি হয়েছে।