স্পোর্টস রিপোর্টার
ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব—১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আজ রংপুর ও রাজশাহী মুখোমুখি হবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল ৩টায় খেলা শুরু হবে।
গত ১ সেপ্টেম্বর নেত্রকোনার বারহাট্টায় শুরু হয়েছিল এই টুর্নামেন্টের প্রাথমিক পর্ব। প্রায় চার মাস গড়িয়ে আজ শেষ হতে যাচ্ছে যুব ফুটবল টুর্নামেন্ট। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৃণমূল পর্যায়ে ফুটবলার খুঁজে বের করতে জাতির জনকের নামে শুরু হয় দেশব্যাপী এই টুর্নামেন্ট। মন্ত্রণালয় হতে বলা হয় প্রায় সাড়ে পাঁচ হাজার বিদ্যালয়ের ২৫ হাজার প্রতিভাবান খেলোয়াড় ফুটবলের মহতী উদ্যোগে নাম লিখিয়েছেন। তৃণমূলে উপজেলা, জেলা ও বিভাগ ঘুরে আজ ঢাকায় ফাইনালের মঞ্চে অনূর্ধ্ব-১৭ ফুটবল। টুর্নামেন্টের ফাইনাল উপলক্ষে গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামের তিন তলায় সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। তিনি বলেন,‘নেত্রকোনার বারহাট্টা থেকে যে মহাযজ্ঞ শুরু হয়েছিল, তার চূড়ান্ত রূপ পাবে আজকের ফাইনালে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ফুটবলার বাছাইয়ের এই মহতী উদ্যোগ এখন শেষ পর্যায়ে। এই টুর্নামেন্ট থেকে বাছাইকৃত ৪৩ জনকে বিকেএসপিতে এক বছর অনুশীলন করানো হবে। এছাড়া সেরা চারজনকে এক বছরের উন্নত প্রশিক্ষণের জন্য পাঠানো হবে ব্রাজিলে।’ ক্রীড়া উপমন্ত্রী বলেন,‘নেত্রকোনার বারহাট্টায় উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশস্থ ব্রাজিলের রাষ্ট্রদূত ওলিভেইরা জুনিয়র। উনিই আমাদের কথা দিয়েছিলেন চারজন ফুটবলারের উন্নত প্রশিক্ষণের বিষয়টি।’ সাবেক তারকা ফুটবলার বাদল রায় ও রকিবুল ইসলাম এবং যুব ও ক্রীড়া সচিব আবদুল্লাহসহ অন্য কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।