বরিশাল অফিস
সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোটগুলো। মিছিল-সমাবেশ শেষে একই দাবিতে জেলা প্রশাসনের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শম্পা দাস। বক্তব্য দেন জেলা ছাত্রফ্রন্ট সদস্য নীলিমা জাহান, জেলা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক নবীন আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্কসবাদী) বিশ্ববিদ্যালয় শাখা আহ্বায়ক সুজয় বিশ্বাস, বিএম কলেজ শাখা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কিশোর বালাসহ অন্যরা। সমাবেশ শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।