টঙ্কাবতী খালে বাঁশের সাঁকো আর কতকাল?

লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম দিকে ডলু খাল এবং উত্তর-পূর্বে টঙ্কাবতী খাল। আর উত্তর-পশ্চিমে তিন খালের মিলন মোহনা। টঙ্কাবতী খালের দু পাশে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বারদোনা, চিববাড়ি, করইয়ানগর, ঘোনাপাড়া, মুহুরীপাড়া, পেশকারপাড়া, সৈয়দপাড়া, চৌধুরীপাড়া, ধোপাপাড়া, জলিলনগর, মীরপাড়া, তালুকদারপাড়া, মজুমদারপাড়া,  বণিকপাড়া, জলদাসপাড়া এবং তুলাতুলি বাজারের বিশাল এলাকায় খাল পারাপারে কোনো সেতু নেই। শুষ্ক মৌসুমে স্ব-স্ব এলাকায় নিজ উদ্যোগে কাঠ ও বাঁশের তালি-জোড়া দিয়ে সাঁকো নির্মাণ করে পারাপার হয়ে থাকে। বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে ও বন্যার স্রোতে সাঁকোগুলো লণ্ডভণ্ড হয়ে যায়। যার কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। বাংলাদেশের সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগলেও টঙ্কাবতী খালের দুই পাড়ের মানুষের এই দুর্ভোগ কাটছে না। পরিশেষে, এই জনদুর্ভোগ ঘোচাতে একটি সেতু নির্মাণের ব্যবস্থা করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শ্রীধর দত্ত

মেলঘর, পটিয়া, চট্টগ্রাম