‘ক্ষমতায় এলে এক ঘণ্টায় ফাঁকা করব শাহিনবাগ’

 

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের ‘গোলি মারো’ মন্তব্য নিয়ে তুমুল বিতর্কের মধ্যেই সংশোধিত নাগরিক আইন (সিএএ) নিয়ে দিল্লির শাহিনবাগে বিক্ষোভের বিরুদ্ধে আরো এক বিজেপি সাংসদের গলায় হুমকির সুর শোনা গেল। তিনি পশ্চিম দিল্লির বিজেপি সাংসদ প্রবেশ বর্মা। সামনেই দিল্লির বিধানসভা নির্বাচন। নিজের সংসদীয় ক্ষেত্রে বিকাশপুরীতে একটি জনসভায় তিনি বলেন, দিল্লির বিধানসভা নির্বাচনে জিতলে তারা এক ঘণ্টায় শাহিনবাগ খালি করে দেবে।’

এখানেই থামেননি প্রবেশ। তিনি বিক্ষোভকারীদের নিন্দা জানিয়ে বলেন,  ‘ওরা আপনাদের ঘরে ঢুকে মেয়ে-বোনদের খুন, ধর্ষণ করবে। এখনো সময় আছে। আগামী দিনে কিন্তু মোদি-শাহ বাঁচাতে আসবে না। এর পরই তিনি বলেন, ‘মনে রাখবেন, এটা শুধু একটা নির্বাচন নয়। এই নির্বাচনই ঠিক করবে দেশের একতা।’ সরকারি জমিতে যেসব মসজিদ গড়ে উঠেছে সেগুলো গুঁড়িয়ে দেওয়ার হুমকিও শোনা গেছে এই বিজেপি সাংসদের গলায়। খবর আনন্দবাজার পত্রিকার প্রথমে বিজেপি নেতা কপিল মিশ্র, তারপর অনুরাগ ঠাকুর, এবার প্রবেশ বর্মার এই বিতর্কিত মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে।