মো. আবু হানিফ, শেকৃবি সংবাদদাতা
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষের দিকে। ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ। বিক্রেতা প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের আকৃষ্ট করতে প্রতিটি পণ্যে দিচ্ছেন সর্বোচ্চ মূল্যছাড়। পোশাকের মধ্যে ব্লেজার ও কটিতে বড়ো মূল্যছাড় রয়েছে। শেষ কয়েক দিন শীতের প্রকোপ কিছুটা কম থাকলেও ক্রেতারা লুফে নিচ্ছেন মূল্যছাড়ের সুযোগ। প্রতি বছরই মেলার শেষ দিকে এমন মূল্যছাড়ের মিছিলে নামে বিক্রেতা প্রতিষ্ঠানগুলো।
গতকাল মেলা ঘুরে দেখা যায়, প্রতি বারের মতো প্রায় শতাধিক কোট-ব্লেজারের স্টল রয়েছে। ক্রেতারা স্টল থেকে স্টলে গিয়ে আকর্ষণীয় অফার খুঁজছেন। অনেকে শরীরের সঙ্গে মিলিয়ে নিচ্ছেন, পছন্দ হলে কিনছেন। বরাবরের মতো পুরুষদের আগ্রহের শীর্ষে ব্লেজার থাকলেও নারী ক্রেতাদেরও বেশ আগ্রহ দেখা গেছে।
ব্লেজার বিক্রির প্রতিষ্ঠানগুলো ২০ থেকে ৪০ শতাংশ মূল্যছাড়ে বিভিন্ন রং এবং ডিজাইনের কোট বিক্রি করছে। স্টলগুলোর সামনে রাজকীয় গোল্ডেন অফার লিখে রেখেছে বিক্রেতারা।
রাজকীয় অফারের আওতায় ১২০০ থেকে ১৩০০ টাকার মধ্যে ব্লেজার ও মোদি কোট পাওয়া যাচ্ছে। গোল্ডেন অফারে পাওয়া যাচ্ছে ১৪০০ থেকে ১৮০০ টাকার মধ্যে ব্লেজার। শিশুদের কটি ও ব্লেজার পাওয়া যাচ্ছে ৩৫০ থেকে ৬৫০ টাকায়। মেলায় সেভিল নামের একটি প্রতিষ্ঠান ব্লেজার ও কটিতে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে তাদের পণ্য বিক্রি করছে।
আশিক ফ্যাশন নামের একটি স্টলের এক বিক্রয়কর্মী বলেন, শেষ সময়ের বিক্রি চলছে। প্রায় মজুরিমূল্যে আমরা কটি ও ব্লেজার বিক্রি করছি। ক্রেতাদের বেশ সাড়া পাচ্ছি। আমাদের এখান থেকে ক্রয়কৃত ব্লেজার বা কটিতে কোনো ধরনের সমস্যা দেখা দিলে মেলার মাঠ থেকে পরিবর্তন করার সুযোগ রয়েছে।
আগারগাঁও তালতলা থেকে আসা এক ক্রেতা বলেন, বাসার কাছেই মেলা। প্রতি সপ্তাহেই এসেছি অফারের খোঁজখবর রাখতে। শেষ সময়ে অফার শুরুর চেয়ে প্রায় তিনগুণ বেশি। শীত কমে গেলেও দরদাম করে দুইটি ব্লেজার কিনেছি ১৯৫০ টাকায়।