কাকতালীয়ভাবে কাছে পেয়ে উত্তরার বাসিন্দা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে নৌকার পক্ষে দোয়া চেয়েছেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে একটি অনুষ্ঠান শেষে ক্লাবের টিভি লাউঞ্জে চা পান করতে আসেন মির্জা ফখরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। ঠিক সেই সময়ে আতিকুল ইসলাম লাউঞ্জে এসে বিএনপি মহাসচিবকে দেখে তার কাছে ছুটে আসেন এবং সালাম দেন। আতিক বলেন, ‘ফখরুল ভাইকে পেয়েছি আজকে। কেমন আছেন ভাই?
মির্জা ফখরুলও হাসিমুখে তাকে শুভেচ্ছা জানান। হালকা হাস্যরসের মধ্য দিয়ে কিছুক্ষণ কথাবার্তাও চলে দুই জনের। এ সময় সাংবাদিকদের অনুরোধে দুই জনকে ক্যামেরার সামনেও দাঁড়াতে হয়। মির্জা ফখরুলকে আতিকুল বলেন, ‘আপনি তো উত্তরার ৪ নম্বর সেক্টরের বাসিন্দা। আপনার ভোট চাই।’ জবাবে ফখরুল বলেন, ‘আমি ঢাকা সিটির ভোটার নই। ঠাকুরগাঁওয়ের ভোটার। তবে সব প্রার্থীর জন্যই দোয়া থাকবে, যাতে একটা সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়।’ এছাড়া ইকবাল হাসান মাহমুদ টুকু এবং আবদুল্লাহ আল নোমানের সঙ্গেও কুশল বিনিময় করেন আতিকুল। তাদের কাছেও নৌকা মার্কায় ভোট চান আতিকুল ইসলাম।
অপরদিকে, ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস গতকাল প্রচারণা শুরু করেন রাজারবাগ পুলিশ লাইন্স এলাকা থেকে। এসময় তিনি বলেন, নির্বাচনে জয়ী হয়ে জনগণকে সঙ্গে নিয়ে আধুনিক ও সমৃদ্ধ ঢাকা গড়তে চান তিনি। নগরীর উন্নয়নে নানামুখী পরিকল্পনা নিয়ে আজ বুধবার বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন বলে জানান। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নৌকার পক্ষে ভোট চান নৌকার এই প্রার্থী। জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন উল্লেখ করে তাপস বলেন, জয়ী হলে জনগণকে সঙ্গে নিয়েই নির্বাচনি প্রতিশ্রুতি পূরণ করতে চান। অপরদিকে আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের জন্য নৌকা প্রতীকে ভোট চেয়েছেন এখানকার বর্তমান মেয়র সাঈদ খোকন।
গতকাল দুপুরে সদরঘাটে দক্ষিণ সিটি করপোরেশনের নির্মিত জলবায়ু উদ্বাস্তু আশ্রয়কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি ভোট চান। তখন মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঐ এলাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন। এর পরিপ্রেক্ষিতে তাদের দুই জনের সৌজন্য সাক্ষাত্ এবং কুশলবিনিময় হয়। পরে গণমাধ্যমকর্মীদের মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমরা দুই ভাই। ঢাকাবাসীর জন্য একসঙ্গেই কাজ করব। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে ব্যারিস্টার তাপসকে নির্বাচিত করলে আমরা ইতিবাচক পরিবর্তনের যে সূচনা করেছিলাম, সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি বলেন, শেখ ফজলে নূর তাপসকে আমি ভোট দেব সিদ্ধান্ত গ্রহণ করেছি। নির্বাচনি আচরণবিধির বাধ্যবাধকতা না থাকলে আমি ঢাকাবাসীকে ফজলে নূর তাপসকে ভোট দেওয়ার আহ্বান জানাতাম। তার পক্ষেই সম্ভব ঢাকার অগ্রগতি অব্যাহত রাখা। আপনারা ব্যারিস্টার তাপসকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন। এ সময় ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন আমার ভাই। আমাদের আওয়ামী লীগ নেতা প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের সুযোগ্য সন্তান তিনি। আমরা যে লক্ষ্য দিয়েছি, ঢাকার উন্নয়নে সাঈদ খোকন এরই মধ্যে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছেন। নির্বাচিত হলে সেগুলো বাস্তবায়নের মাধ্যমে আমরা উন্নত ঢাকা গড়ে তুলব। আমরা দুই ভাই সব সময় একসঙ্গে আছি, থাকব। মেয়র সাঈদ খোকন এরই মধ্যে যেসব কার্যক্রম গ্রহণ করেছেন আমি নির্বাচিত হলে সেগুলো সামনের দিকে এগিয়ে নেব। এছাড়া ঢাকাকে উন্নত করতে আমরাও এ ধরনের আরো নতুন নতুন উদ্যোগ গ্রহণ করব। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে যারা নির্বাচনের সুন্দর পরিবেশ বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনপ্রয়োগকারী সংস্থার প্রতি অনুরোধ জানিয়ে তাপস বলেন, ‘আমরা চাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যাতে কোনোভাবে নষ্ট না হয়। কোনো সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে কেউ যাতে পরিবেশকে বিঘ্নিত করতে না পারে।’
আতিকুল যা বলেন: এদিকে, দুপুর ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, নৌকার কোনো ব্যাকগিয়ার নেই। নৌকার গিয়ার একটিই। সেটি হচ্ছে উন্নয়নের গিয়ার। নৌকা দিয়েছে স্বাধীনতা, নৌকা দেবে উন্নয়ন, নৌকা দেবে একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা। আমরা মনে করি, সুন্দর পরিবেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে।’ আতিকুল ইসলাম বলেন, ‘একটি অপরিকল্পিত শহর এই ঢাকা। বিদেশে দেখেছি, একটা প্ল্যান করে তারপর নগরায়ণ করা হয়। আমাদের এখানে বাস্তবে এটা হয়নি। এটা একটা বিরাট চ্যালেঞ্জ। আমার সামনে চ্যালেঞ্জ অনেকগুলো। অপরিকল্পিত শহরে যেমন আছে যানজট, জলজট, তেমন আছে মশার উপদ্রব, বায়ুদূষণ। অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। শুরু কিন্তু করতেই হবে। শুরু করতে পারলে শেষ হবেই।’
তাপসের নির্বাচনি ক্যাম্পে আগুন: ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের একটি নির্বাচনি ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর রাতে সিটি করপোরেশনের ৬১ নম্বর ওয়ার্ডের দনিয়া বাজারের মায়ের দোয়া হোটেলের সামনে অবস্থিত কয়েকটি অস্থায়ী ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়েছে। ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগ সমর্থিত স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদপ্রার্থীদের অস্থায়ী নির্বাচনি ক্যাম্প হিসেবে এগুলো ব্যবহার করা হচ্ছিল।