গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম দলিল লেখকদের উদ্দেশে বলেছেন আমরা নির্বাচন দিয়ে কমিটি গঠন করে দেব আর তারা লুটপাট করে খাবে তা হতে পারে না। বরং নির্বাচনে প্রার্থীরা যে ব্যয় করবে তা দলিল লেখক সমিতির কল্যাণে ব্যয় করাটাই হবে যুক্তিযুক্ত। আর নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতাও থাকতে হবে। পাশাপাশি পরবর্তী প্রজন্মের জন্য নেতৃত্ব তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের।
মেয়র সোমবার সকালে সদর উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ের হল রুমে গাজীপুর জেলা দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমিতির সভাপতি মো. মুজিবর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, সহসভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, সদস্য আব্দুল হাদী শামীম, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মনির হোসেন প্রমুখ। সভায় জামাল উদ্দিন খানকে সভাপতি, মনিরুজ্জামান সোহেলকে কার্যকরী সভাপতি ও মো. জহির রায়হানকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট গাজীপুর জেলা দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়।
বারির নতুন মহাপরিচালক
ড. মো. আব্দুল ওহাব
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ড. মো. আব্দুল ওহাবকে। মঙ্গলবার কৃষি মন্ত্রণালয় জারিকৃত আদেশ বলে তিনি বারির মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে নিয়োগপ্রাপ্ত হন। আগামীকাল বৃহস্পতিবার থেকে তিনি বর্তমান মহাপরিচালক ড. আবুল কালাম আযাদের স্থলাভিষিক্ত হবেন। বারির প্রটোকল অফিসার মো. আল আমিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এর আগে ড. মো. আব্দুল ওহাব বারির পরিচালক (গবেষণা) ও পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) হিসেবে দায়িত্ব পালন করেন। ইতিপূর্বে তিনি মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, রহমতপুর, বরিশাল এ কর্মরত ছিলেন। সেই সঙ্গে তিনি প্রেষণে ভাসমান বেডে সবজি চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার বাড়ি রাজবাড়ী জেলায়।