সাভারের আশুলিয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন তৈরি পোশাক কারখানার এক নারী শ্রমিক। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আসাদুল শেখ নামে এক যুবককে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঐ ধর্ষককে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ঐ নারী শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। গত রবিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত আশুলিয়ার বসুন্ধরাটেক এলাকায় একটি ঘরে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। গ্রেফতারকৃত আসাদুল শেখ (৩২) নাটোর সদর জেলার তেবাড়িয়া গ্রামের সাদেক আলী শেখের ছেলে। সে আশুলিয়ার বাইপাইল বসুন্ধরাটেক এলাকার শাহিনের বাড়ির ভাড়াটিয়া।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঐ নারী শ্রমিক আশুলিয়ায় বাইপাইল বসুন্ধরাটেক এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। কিছুদিন আগে পার্শ্ববর্তী বাবর আলীর ভাড়া বাড়ির ম্যানেজার মুসলিম উদ্দিন তার কাছ থেকে দুই হাজার টাকা ধার নেয়। পরে রবিবার দুপুরে ঐ নারী শ্রমিক ম্যানেজার বাবর আলীর ঘরে পাওনা টাকা চাইতে যান। এ সময় স্থানীয় বখাটে আসাদুল ও তার অজ্ঞাত পরিচয় আরো পাঁচ বন্ধু মিলে ঐ নারী শ্রমিককে মিথ্যে অপবাদ দিয়ে চতুর্থ তলা ভবনের একটি কক্ষে নিয়ে আটকে পালাক্রমে তাকে ধর্ষণ করে। গভীর রাতে ভয়ভীতি দেখিয়ে মেয়েটিকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর মেয়েটি আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে আসাদুল শেখক গ্রেফতার করে।