বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) অধ্যাদেশ রহিত করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান আইন-২০২০ বিল পাশ করেছে সংসদ। ক্রীড়া ক্ষেত্রে প্রতিভা অন্বেষণে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিসহ নিবিড় প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিকেএসপি প্রতিষ্ঠিত হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বিলটি পাশের প্রস্তাব উত্থাপন করলে বিরোধী দলের কয়েকটি সংশোধনীসহ স্থিরিকৃত আকারে তা সর্বসম্মতিক্রমে পাশ হয়। বিরোধী দল জাতীয় পার্টির (এ) ফখরুল ইমাম ও রওশন আরা মান্নানের আনীত দুটি সংশোধনী গ্রহণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। অবশিষ্ট সংশোধনীগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
বিলে যুব ও ক্রীড়া মন্ত্রীকে বোর্ডের চেয়ারম্যান ও প্রতিমন্ত্রীকে ভাইস চেয়ারম্যান এবং ক্রীড়া সচিব, অর্থ সচিবসহ ১৯ সদস্য বিশিষ্ট বিকেএসপি পরিচালনা বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে।