বহুল প্রতীক্ষিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল হোয়াইট হাউজে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে রেখে তিনি এই পরিকল্পনা পেশ করেন। ট্রাম্প বলেছেন, এই পরিকল্পনাই ফিলিস্তিনিদের জন্য শেষ সুযোগ। দুই দেশই এর মাধ্যমে লাভবান হবে উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আগের মার্কিন প্রেসিডেন্টগন চেষ্টা করেও এমন শান্তি পরিকল্পনা করতে ব্যর্থ হয়েছিলেন। কারণ ছোট সমস্যা নিয়ে কাজ করতে আর বড়ো সমস্যা দূরে ঠেলে রাখতে প্রেসিডেন্ট নির্বাচিত হইনি বলে উল্লেখ করেন ট্রাম্প। ফাঁস হওয়া এই পরিকল্পনা ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন। খবর সিএনএন, বিবিসি ও রয়টার্সের
হোয়াইট হাউজে পরিকল্পনা পেশ করার আগে গতকালই ইসরাইলে নেতানিয়াহুর বিরুদ্ধে আদালতে দুর্নীতির অভিযোগ গঠন করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, অবিভক্ত জেরুজালেমই হবে ইসরাইলের রাজধানী। তবে তিনি আবার এও বলেন যে, পূর্ব জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী হতে পারে। ৮০ পৃষ্ঠার প্রস্তাব সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এর মাধ্যমে দু’টি রাষ্ট্র গঠিত হবে। ইসরাইল ও ফিলিস্তিনের কেউই তাদের বাড়ি থেকে উচ্ছেদ হবেন না। প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জারেদ কুশনারের নেতৃত্বে প্রণয়ন করা এই প্রস্তাবকে ‘শতাব্দীর সেরা চুক্তি’ বলে অভিহিত করা হচ্ছে।
ইসরাইল শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ফিলিস্তিনিরা দারিদ্র্য ও সহিংসতার মধ্যে দিন কাটাচ্ছেন। তাদেরকে ব্যবহার করে অনেকে সন্ত্রাসবাদী কর্মকা্ল চালাচ্ছে। এই পরিকল্পনা তাদেরকে একটা ভাল জীবন দেবে বলে ট্রাম্প জানান। পরিকল্পনা মেনে নিলে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনিদের ঐতিহাসিক সুযোগ এনে দেবে বলে উল্লেখ করেন ট্রাম্প। বর্তমান মার্কিন প্রশাসনের কয়েকজন কর্মকর্তা জানান, নতুন এই প্রস্তাবে পশ্চিম তীরে ইসলাইলের ভূমি অধিগ্রহণকে স্বীকৃতি দেওয়া হবে। বিনিময়ে ইসরাইল চার বছরের জন্য নতুন বসতি গড়া স্থগিত রাখবে। এই সময়ের মধ্যে ইসরাইল ফিলিস্তিনের সঙ্গে সমঝোতার চেষ্টা চালাবে। তবে সমঝোতা না হলে ইসরাইল ঐ কার্যক্রম স্থগিত রাখবে কিনা সেই বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। সোমবার হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু এবং ইসরাইলের বিরোধী নেতা বেন্নি গনতজ। নেতানিয়াহু বলেন, হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্পের মতো এতো ভাল বন্ধু পায়নি ইসরাইল। বেন্নি গনতজ প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করেন।