উত্তরায় তালাবদ্ধ ঘরে গলাকাটা লাশ

রাজধানীর উত্তরার একটি বাসার মধ্যে দুর্বৃত্তরা গলাকেটে এক ব্যক্তিকে হত্যা করেছে। নিহত ঐ ব্যক্তির নাম কাজী গোলাপ হোসেন (৪৫)। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ৩ নম্বর বাড়ির সপ্তম তলায় ছাদে একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করেছে।

জানা গেছে, নিহত গোলাপ একটি পরিবহনের আব্দুল্লাহপুরের কাউন্টার মাস্টার ছিলেন। তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে। তিনি উত্তরার ঐ বাড়ির চিলেকোঠায় স্ত্রী ও মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। ৮-১০ দিন আগে গোলাপের স্ত্রী-সন্তান গ্রামের বাড়িতে বেড়াতে যান। এ সময় গোলাপ একাই ঐ বাসায় ছিলেন। গতকাল সকালে গোলাপের স্ত্রী ফোন করলে তার মোবাইল বন্ধ পান। এরপর তিনি ঐ বাসার কেয়ারটেকার রফিকুল ইসলামকে ফোন করে গোলাপের খোঁজ নিতে বলেন। রফিকুল বাসার ছাদের ঐ রুমে গিয়ে দরজা বাইরে থেকে তালা মারা দেখতে পান। কিন্তু একটি জানালা খোলা থাকায় তা দিয়ে ভেতরে রক্তাক্ত অবস্থায় গোলাপের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরপর তিনি থানায় জানালে পুলিশ লাশটি উদ্ধার করে।

এ হত্যাকাণ্ডের ব্যাপারে উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার শচীন মল্লিক জানান, এটি একটি হত্যাকাণ্ড। গোলাপের লাশটি ঘরের মধ্যে গলাকাটা অবস্থায় পড়ে ছিল। এছাড়া তার পেটে ছুরিকাঘাত করা হয়েছিল। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ ঘাতক চিহ্নিত করতে গোয়েন্দা তত্পরতা চালাচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।