ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ও অবৈধ পন্থায় ভর্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৩ জন এবং অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্যের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আরো ৪ জন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া পিএইচডি থিসিস জালিয়াতির অভিযোগে এক শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এসব বহিষ্কারাদেশের অনুমোদন দেওয়া হয়।
সভাসূত্র জানায়, ডিজিটাল জালিয়াতি ও অবৈধ পন্থায় ভর্তির অভিযোগে আরো ৯ জন এবং ছিনতাইয়ের অভিযোগে ১৩ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং তাদেরকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এই মর্মে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।