করোনা ভাইরাস সংক্রান্ত গাইডলাইন আসছে —বিএসএমএমইউ উপাচার্য

করোনা ভাইরাস প্রতিরোধ, বাংলাদেশকে এ থেকে মুক্ত রাখতে এবং এ রোগে আক্রান্ত হলে চিকিত্সা কার্যক্রম পরিচালনা করতে শিগিগরই সরকারের পক্ষ থেকে গাইডলাইন দেওয়া হবে। গাইডলাইন তৈরির কাজ দ্রুত প্রণয়নে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের অডিটোরিয়ামে ‘নতুন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, বাংলাদেশে এখনো করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত না হলেও এ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। ভাইরাসটি প্রতিরোধে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। সেমিনারে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. জিলন মিঞা সরকার, শিশু অনুষদের ডিন ও সেমিনার সাব কমিটির সভাপতি অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল প্রমুখ।

সেমিনারে নভেল করোনা ভাইরাসের বিস্তার, রোগটি কীভাবে ছড়ায়, কারা আক্রান্ত হয় এবং ভাইরাসটি কীভাবে রোগ তৈরি করে তা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডা. মুনীরা জাহান। রোগের লক্ষণ, উপসর্গ, জটিলতা ও চিকিত্সা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বক্ষব্যাধি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামীম আহমেদ। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া থেকে রক্ষা পাওয়া, প্রতিরোধ, প্রতিকার ও প্রস্তুতি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারনাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. নামজুল হাসান।