তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জাতির পিতা ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে মাথা উঁচু করে চলতে শিখিয়েছেন। আমরা কাউকে অন্ধ অনুকরণ করতে চাই না বরং আমরা এমন উন্নত রাষ্ট্র গড়তে চাই, যাতে অন্যদের কাছে অনুকরণীয় হতে পারি।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ভাষণ পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, শুধু অর্থনৈতিকভাবে উন্নত হলেই চলবে না, উন্নত জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে আর সেজন্য জাতির পিতার অনবদ্য আদর্শকে হূদয়ে ধারণ ও লালনের বিকল্প নেই।
আওয়ামী লীগ শিক্ষা ও মানবসম্পদ উপকমিটি আয়োজিত এ সেমিনারে দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপির সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারকাত মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ওয়ালিউর রহমান বিশেষ অতিথি হিসেবে ও আয়োজকদের পক্ষে আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাঁপা সেমিনারে বক্তব্য রাখেন।