সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই টাকা এক মাসের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর বিচারক শামীম আহাম্মদ গতকাল মঙ্গলবার এ রায় দেন।
দুদকের অনুসন্ধানে রফিকুল আমীনের জ্ঞাত আয়বহির্ভূত ১৮ কোটি ২ লাখ ২৯ হাজার ৩২৩ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এরপরই সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য তাকে নোটিশ দেয় দুদক। কিন্তু বিবরণী জমা না দেওয়ার অভিযোগে ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর ঢাকার রমনা মডেল থানায় এ মামলা করা হয়। ২০১৭ সালের ৬ জুন রফিকুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। গত বছরের মার্চ মাসে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। রফিকুলের কৌঁসুলি এহসানুল হক সমাজী বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। ডেসটিনি-২০০০ লিমিটেডের ৪ হাজার কোটি টাকার বেশি অর্থ পাচারের দুটি মামলায় আট বছর ধরে কারাগারে আছেন রফিকুল আমিন। সম্প্রতি ঐ দুটি মামলায় তার জামিন আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। দুটি মামলাই ঢাকার বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে।