উদ্দীপক: মি. রবিউল একজন মাছ ব্যবসায়ী। তিনি স্থানীয় জেলেদের নিকট হতে মাছ ক্রয় করে প্রক্রিয়াজাত করার পর দেশের বিভিন্ন অঞ্চলে এবং প্রতিবেশী কয়েকটি দেশে মাছ রপ্তানি করে। ফলে তিনি স্থানীয় ও বৈদেশিক মুদ্রার মাধ্যমে নিয়মিত লেনদেন করেন।
ক. কী কারণে ব্যাংকে হিসাব খোলা হয়?
খ. মূলধন বৃদ্ধিতে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।
গ. মি. রবিউলের জন্য কোন ধরনের ব্যাংক হিসাব উপযুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. “আধুনিক ব্যাংকিং মি. রবিউলের ব্যবসায় সম্প্রসারণের জন্য অত্যন্ত সহায়ক।” উক্তিটি মূল্যায়ন কর।
ক.আর্থিক নিরাপত্তার জন্য।
খ.বাণিজ্যিক ব্যাংক তার বিভিন্ন হিসাবের গ্রাহকগণের কাছ থেকে আমানত গ্রহণের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে বড় তহবিলে রূপান্তর করে। পরবর্তীতে ঐ তহবিল হতে ছোট-বড় ঋণ প্রদানের মাধ্যমে ব্যবসায়ীদের মূলধন গঠনে বিরাট ভূমিকা পালন করবে।
গ.মি. রবিউলের জন্য চলতি হিসাব প্রয়োজন। যে ধরনের হিসাবে একজন গ্রাহক তার ইচ্ছে মতো অর্থ জমা দিতে পারে এবং যখন যতো বার প্রয়োজন হয় উত্তোলন করতে পারে, তাকে চলতি হিসাব বলে। উদ্দীপকের মি. রবিউলকে দেশে-বিদেশে প্রতিনিয়ত লেনদেন করতে হয়। তাই তাকে যেমন সবসময় টাকা জমা দিতে হয়, তেমনি যখন তখন উত্তোলন করতে হয়। তাছাড়া ব্যবসায় এর জন্য তার ঋণ প্রয়োজন হতে পারে যা চলতি হিসাব হতে পাওয়া যায়। তাই চলতি হিসাবই তার জন্য উপযুক্ত।
ঘ. এটিএম কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, এনি ব্রাঞ্চ ব্যাংকিং ইত্যাদি আধুনিক ব্যাংকিং হিসাবে পরিচিত। আধুনিক ব্যাংকিং পদ্ধতি মি. রবিউলকে ২৪ ঘণ্টা লেনদেন করার সুযোগ দিচ্ছে। আমদানি রপ্তানির ক্ষেত্রে সহজে বৈদেশিক মুদ্রার লেনদেন করতে পারছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আর্থিক লেনদেন সহজ হচ্ছে বিধায় মি.রবিউলের সময় অনেকটা সাশ্রয় হচ্ছে যা রবিউলকে ব্যবসায় সম্প্রসারণের সুযোগ দিচ্ছে। স্থানীয় জেলেদের নিকট হতে যখন তখন তিনি নগদে মাছ ক্রয় করতে পারছেন। পূর্বে নগদ অর্থ ব্যাংকে জমা দেয়ার জন্য ব্যাংকিং এর সময় কালের জন্য অপেক্ষা করতে হতো যা তিনি এখন যে কোন সময় সম্পন্ন করতে পারেন এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।
উদ্দীপক: মি. আমিন তার ব্যবসায়িক লেনদেন নগদ টাকাতেই করতেন। কিন্তু অর্থের নিরাপত্তার কথা ভেবে সম্প্রতি ব্যাংকে একটি হিসাব খুললেন। উক্ত হিসাবে তিনি ব্যাংকিং কার্যদিবসে একাধিকবার টাকা জমা দিতে পারলেও সপ্তাহে ২ বারের বেশি উত্তোলন করতে পারেন না। এতে কিছু সুবিধা পেলেও ব্যবসায়ে অসুবিধাই বেশি হয়।
ক. কোন ইলেকট্রিক ব্যাংকিং পণ্যের জন্য ব্যাংকে হিসাব থাকার প্রয়োজনীয়তা নেই?
খ. অর্থের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয় সহজ ও দ্রুততর হয় কেন?
গ. মি. আমিন এর হিসাবটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ. মি. আমিন এর জন্য বাছাইকৃত ব্যাংক হিসাব পদ্ধতিটি ভুল ছিল’ উক্তিটির যথার্থতা আলোচনা কর।
ক, ক্রেডিট কার্ড।
খ. অর্থ বিনিময়ের মাধ্যম হওয়ায় পণ্য ক্রয় বিক্রয় সহজ ও দ্রুততর হয়। অর্থ সর্বগ্রহণযোগ্য একটি বিনিময়ের মাধ্যম। ক্রেতা ও বিক্রেতা অর্থের মাধ্যমে যে কোন সময় পণ্য বিনিময় করতে পারে। তাই সময় কম লাগে যা ব্যাংকের ক্ষেত্রে বেশি লাগতো।
গ. মি. আমিনের হিসাবটি হলো সঞ্চয়ী হিসাব। যে হিসাবে যে কোন সময় অর্থ জমা দেয়া যায় কিন্তু সপ্তাহে দুই বারের বেশি উত্তোলন করা যায় না তাকে সঞ্চয়ী হিসাব বলা হয়। উদ্দীপকের তথ্য অনুযায়ী মি. আমিন তার ব্যাংক হিসাব থেকে দুইবারের বেশি অর্থ উত্তোলন করতে পারে না। তবে কিছু সুবিধা বলতে অর্থের নিরাপত্তা পাচ্ছে আর জমাকৃত টাকার উপর অল্প পরিমাণ সুদ পাচ্ছে। তাই উক্ত হিসাবটি সঞ্চয়ী হিসাবের বৈশিষ্ট্য বহন করে।
ঘ.মি. আমিন একজন ব্যবসায়ী যাকে প্রতিনিয়ত লেনদেন করতে হয় যা চলতি হিসাবের মাধ্যমে সম্ভব। তাই মি. আমিনের সঞ্চয়ী হিসাব খোলা ছিল একটি ভুল সিদ্ধান্ত। চলতি হিসাব খুললে মি. আমিন কোন সুদ না পেলেও প্রয়োজনমত অর্থ উত্তোলন করতে পারবে। এছাড়া চলতি হিসাবের বিপরীতে মি. আমিন ব্যবসায়িক ঋণ পেতে পারতো। কিন্তু সঞ্চয়ী হিসাব হতে মি. আমিন এ ধরনের সুবিধাগুলো থেকে বঞ্চিত হয়েছে। চলতি হিসাব দ্বারা তিনি প্রত্যহ একাধিকবার চেক, ড্রাফ্ট, এল.সি. পে-অর্ডার,বিনিময় বিল ইত্যাদি দ্বারা দেশে ও দেশের বাইরে লেনদেন সম্পন্ন করতে পারতেন। সবশেষে বলা যায় আলোচ্য উক্তিটি যথার্থ এবং সত্য।