বর্তমান সময়ের পিসিগুলোর কনফিগারেশন অনেক উচ্চমানের। গ্রাফিক্স কার্ড, হার্ডডিস্ক, মাদারবোর্ড থেকে শুরু করে যাবতীয় ফিচার বেশ উন্নত। এ পিসিগুলো দিয়ে গেম খেলা যায় ইচ্ছা করলেই। তবে অনেকের বাসা কিংবা অফিসে রয়েছে পুরানো পিসি। তাদের পিসিগুলোতে নতুন গেমগুলো খেলা অসম্ভব। পুরানো পিসিতে গেম চালাতে হলে ঐ পিসির উপযোগী গেমগুলোকে খুঁজে বের করতে হবে। এবারের আয়োজনে এমন কয়েকটি গেম নিয়ে আলোচনা করা হলো, যে গেমগুলো পুরানো পিসির উপযোগী
দ্য এলডার স্ক্রলস- স্কাইরিম
ফ্যান্টাসি এবং অ্যাকশন রোল-প্লেয়িং গেমগুলোর মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিজের নাম ‘দ্য এলডার স্ক্রলস’। এই সিরিজের পঞ্চম গেমটির নাম ‘স্কাইরিম’। প্রায় ১৫ বছর পূর্বে নির্মিত হয়েছিল এই গেমের প্রথম পর্ব ‘অ্যারেনা’। এরপর যতবারই এর নতুন পর্ব মুক্তি পেয়েছে ততবারই নতুন করে আলোচনায় উঠে এসেছে এই গেমটি। এর ব্যতিক্রম হয়নি পঞ্চম এই পর্বেও এসেও। আগের পর্ব ‘অবলিভিওন’ এর কাহিনীর প্রায় দুইশ’ বছর পরে শুরু এই পর্বের কাহিনীর। বছরের একদম শেষভাগে গেমটি মুক্তি পেলেও এটি বছরের অন্যতম গেমে পরিণত হয়েছে এই অল্প সময়ের মধ্যেই। গেম সমালোচকদের কাছেও এটি পেয়েছে পূর্ণ সমর্থন। গেম র্যাংকিং, মেটাক্রিটিক-এর মতো সাইটগুলোর কাছে এটি রেটিং-এ ৯৫ শতাংশের মতন নম্বর পেয়েছে।
কল অফ ডিউটি : মর্ডান ওয়্যানফেয়ার ৩
‘কল অফ ডিউটি’ সিরিজের অন্যতম মজার একটি বিষয় হলো এই সিরিজের প্রতিটি গেম আগের পর্বের সব রেকর্ড ভেঙে ফেলে। এই ধারাবাহিকতা বজায় রয়েছে ‘কল অফ ডিউটি’ সিরিজের শেষ গেম’ মডার্ণ ওয়্যারফেরার ৩’-তেও। আগের পর্ব ‘ব্ল্যাক অপস’-এর রেকর্ড ভেঙে মুক্তির প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই বিক্রি হয় ৬.৫ মিলিয়ন কপি। অভূতপূর্ব জনপ্রিয় এই ফার্স্ট পারসন শ্যুটার গেমটি সমালোচকদের কাছেও নম্বর কম পায়নি।
ডিউস এক্স : হিউম্যান রি ভোলিউশন
কয়েক বছর আগে বাজারে আসে কল্পবিজ্ঞানের কাহিনি নির্ভর অ্যাকশন রোল-প্লেয়িং গেম ‘ডিউস এক্স : হিউম্যান রিভোলিউশন’। ‘ডিউস এক্স’ সিরিজের তৃতীয় পর্ব এই ‘হিউম্যান রিভোলিউশন’। সিরিজের তৃতীয় গেম হলেও এটি মূলত ২০০০ সালে মুক্তি পাওয়া প্রথম ‘ডিউস এক্স’ এর প্রিক্যুয়েল। প্রথম পর্বের প্রায় ২৫ বছর আগে ২০২৭ সালে শুরু এই পর্বের কাহিনি। গেমটি গেমারদের কাছে মোটামুটি সাড়া ফেলতে সমর্থ হয়। আর বেশকিছু গেম সমালোচকদের কাছেই এটি পায় দশে দশ।
ব্যাটম্যান : আরখাম সিটি
সুপার হিরো ‘ব্যাটম্যান’ কমিকস আর সিনেমার গণ্ডি পেরিয়ে সমান জনপ্রিয়তা ধরে রেখেছে ভিডিও গেমের ক্ষেত্রেও। আর তাই ২০০৯ সালের মাঝামাঝিতে উন্মুক্ত হওয়া ‘ব্যাটম্যান : আরখাম অ্যাসাইলাম’-এর সিক্যুয়েল হিসেবে গেমারদের মাঝে সাড়া ফেলতে বাজারে আসে ‘ব্যাটম্যান : আরখাম সিটি’। সুপার হিরো ব্যাটম্যানের নানান রকম অ্যাকশন এবং অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ এই গেমটি বছরের অন্যতম সেরা একটি গেমের স্বীকৃতি পেয়েছে গেমার এবং সমালোচকদের কাছে। বিশেষ করে এর কাহিনী বিন্যাস এবং সঙ্গীতের প্রশংসায় পঞ্চমুখ সকলেই।
ব্যাটলফিল্ড ৩
ফাস্ট পারসন শ্যুটার গেম হিসেবে বছরের অন্যতম সেরা আরেকটি গেমের নাম ‘ব্যাটলফিল্ড ৩’। ‘ব্যাটলফিল্ড’ সিরিজের এই গেমটি দশ বছর পার করে এসেও সমান জনপ্রিয়তা ধরে রাখতে সমর্থ হয়েছে, যার প্রমাণ ‘ব্যাটলফিল্ড ৩’। এটি মুক্তির প্রথম সপ্তাহেই বিক্রি হয় ৫ মিলিয়নেরও বেশি কপি যা একে এই সিরিজের অন্যতম জনপ্রিয় গেমে পরিণত করে। প্রায় সব গেম সাইটই গেমটি সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছে।