সমাজে বৈচিত্র্য থাকবে, তবে তা যদি বৈষম্য সৃষ্টি করে সেটি গ্রহণযোগ্য নয় এবং তা মানবাধিকার লঙ্ঘনের অন্যতম পন্থা। অসমতা দেশ ও সমাজের উন্নয়ন, গণতন্ত্র ও সামাজিক বন্ধন বিরোধী বিভাজন সৃষ্টি করে। পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত সমতা ও অসমতা শীর্ষক একটি বিশেষ সেমিনারে এ কথা বলেন সেমিনারে মূল বক্তা জাতিসংঘের মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তর এবং দারিদ্র্য দূরীকরণ বিভাগের সাবেক পরিচালক ড. সেলিম জাহান। পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ। ড. সেলিম জাহান তার বক্তব্যে বৈচিত্র্য ও বৈষম্যের পার্থক্য সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, শিক্ষার সুযোগের ক্ষেত্রে বৈষম্য, নারী-পুরুষে ভেদাভেদ এবং গ্রাম ও শহরের সুযোগ-সুবিধার মধ্যে পার্থক্য তৈরি করে। ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে বৈষম্য দূরীকরণ ও মানবাধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এবং সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণসহ পিকেএসএফের কর্মকর্তাবৃন্দ সেমিনারে অংশ নেন।