উডওয়ার্ডের বাড়িতে সমর্থকদের হামলা

ম্যানচেস্টার ইউনাইটেডের ক্ষুব্ধ সমর্থকরা গত মঙ্গলবার ক্লাবটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এড উডওয়ার্ডের চেশায়ারের বাড়িতে আক্রমণ করেছে। ৪৮ বছরের উডওয়ার্ড সে সময় বাড়িতে ছিলেন না। এই সমর্থকরা বাড়িটির উঁচু গেটের ওপর দিয়ে আগুনের গোলা ছুড়ে মারার সময় বলতে থাকে ‘তুমি মরতে যাচ্ছ’। ধারণা করা হচ্ছে, মৌসুম জুড়ে বাজে পারফর্মেন্সের কারণে ক্ষুব্ধ সমর্থকদের একাংশের কাজ এটি। 

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি জানিয়েছে কেউ ফৌজদারী অপরাধ করলে তাকে চিরতরে বহিষ্কার করা হবে। ক্লাবের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘সমর্থকদের মতামত জানানো এক বিষয়, কিন্তু অপরাধমূলক ক্ষতি এবং কারো জীবনহানিকর কিছু করা আরেক জিনিস। এসব ব্যাপারে কোনো ক্ষমা হবে না।’