সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের আসর। এশিয়ার অন্যতম জমজমাট এই টুর্নামেন্টটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আয়োজনে খেলতে কোনো আপত্তি নেই রাজনৈতিকভাবে তাদের বিরোধী দেশ ভারতের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই)। তবে সংস্থাটি এটাও সাফ জানিয়ে দিয়েছে যে, পাকিস্তানে গিয়ে কোনো অবস্থাতেই খেলবে না ভারতীয় ক্রিকেট দল। প্রস্তাব করেছে নিরপেক্ষ ভেন্যুরও। সবমিলিয়ে এশিয়া কাপকে ঘিরে পরিস্থিতি ঘোলাটে হতে চলেছে।
সংবাদ সংস্থা আইএএনএসের কাছে এই ব্যাপারে বিসিসিআইয়ের অবস্থান ব্যাখ্যা করেছেন এক কর্মকর্তা। তিনি নাম প্রকাশ না করে বলেন, ‘পাকিস্তান এই টুর্নামেন্ট আয়োজন করবে কি করবে না, সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা হলো ভেন্যুর। আর এই ব্যাপারে আমাদের মতামত যদি চাওয়া হয় তাহলে বলতেই হয় যে, আমরা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাই। ভারতীয় দল কোনো ভাবেই পাকিস্তানে গিয়ে খেলবে না। হোক সেটা এশিয়া কাপের মতো চার-পাঁচ জাতির টুর্নামেন্ট।’
এই ব্যাপারে কি সিদ্ধান্ত আসতে পারে সেটার দায়ভার তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলকেই (এসিসি) দিয়ে রাখলেন। বললেন, ‘ব্যাপারটা এখন পুরোই এসিসির সিদ্ধান্ত। তাদের যদি পাকিস্তানের ভেন্যুতে কোনো আপত্তি না থাকে, তাহলে ভারতকে ছাড়াই এই টুর্নামেন্ট আয়োজিত হবে। আর যদি ভারতকে এই টুর্নামেন্টে দরকার হয় তাহলে ভেন্যু কোনোভাবেই পাকিস্তান হতে পারবে না।’
এশিয়া কাপের গেল আসরেও একই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কার্যত সেবার আয়োজক ছিল ভারত। কিন্তু পাকিস্তান সেখানে গিয়ে খেলতে আপত্তি প্রকাশ করায় বিসিসিআই টুর্নামেন্টটি আয়োজন করে সংযুক্ত আরব আমিরাতে। সেটার কথা মনে করিয়ে দিয়ে বিসিসিআইয়ের ঐ কর্মকর্তা বলেন, ‘নিরপেক্ষ ভেন্যুর কথা সবসময়ই মাথায় রাখতে হবে। ২০১৮ সালে আমরাও তো সেই পথেই হেঁটেছি।’
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার জের ধরে পাকিস্তানে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকলেও সাম্প্রতিক সময়ে বেশ কয়েক দফায় দেশটিতে গিয়ে ক্রিকেট খেলে এসেছে শ্রীলঙ্কা দল। দুদিন আগেই দেশটি থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলে ফিরেছে বাংলাদেশ দল। আরো দুবার পাকিস্তানে গিয়ে দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলার সূচিও চূড়ান্ত হয়ে গেছে। পারিপার্শ্বিক পরিস্থিতি বলে, আফগানিস্তানও হয়তো পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি করবে না।
অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে এশিয়া কাপকে দলগুলো বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখবে। তবে এবার ভারতের মুখ ফিরিয়ে নেওয়ায় এশিয়া কাপের আয়োজন ঝুলে যেতে পারে। পিসিবি অবশ্য চলতি সপ্তাহেই বলে রেখেছে, ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে কোনো আপত্তি নেই তাদের। এখন কেবল দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়া বাকি।
গুঞ্জন ছিল, এশিয়া কাপের আয়োজক হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)—এই শর্তেই নাকি তিন দফায় বাংলাদেশ দলকে পাকিস্তান সফরের জন্য রাজি করেছে পিসিবি। তবে সেই সম্ভাবনার কথা এখন আর শোনা যাচ্ছে না।