পিছিয়েই গেল প্রিমিয়ার লিগ

বঙ্গবন্ধু গোল্ডকাপ চলাকালীন বাংলাদেশ প্রিমিয়ার লিগ পেছানোর একটা দাবি তুলেছিল দলগুলো। সে দাবিতে সাড়া দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রিমিয়ার লিগ শুরুর তারিখ পিছিয়ে দিয়েছে। নতুন সূচি অনুযায়ী লিগ শুরু হবে আগামী ১৩ ফেব্রুয়ারি।

পুরোনো সূচি অনুযায়ী লিগ শুরু হওয়ার কথা ছিল আজ বৃহস্পতিবার। তবে আসছে ৫ ফেব্রুয়ারিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লেঅফে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে খেলার কথা আবাহনীর। ফলে এক মৌসুম আগের চ্যাম্পিয়নরাই প্রথম লিগ শুরুর তারিখ পেছানোর অনুরোধ করে। পরে আবাহনীর সঙ্গে যোগ দেয় অন্য ১২টি ক্লাবও। যারই ফলশ্রুতিতে প্রায় দুই সপ্তাহ পিছিয়ে যায় প্রিমিয়ার লিগ।

গতকাল বুধবার বাফুফে ভবনে লিগ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী সাংবাদিকদের বলেন, ‘প্রিমিয়ার লিগ চলতি মাসেই শুরু হওয়ার কথা ছিল। ক্লাবগুলোর সঙ্গে আলোচনা হয়েছে আমাদের। আবাহনী লিমিটেড এএফসি কাপে অংশ নিচ্ছে। ৫ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম লেগে মাজিয়ার বিপক্ষে খেলবে তারা, ফিরতি লেগ ১২ তারিখ। ক্লাবগুলো যেহেতু জাতীয় দলের মতোই দেশের প্রতিনিধিত্ব করে, লিগ পেছানোর জন্যে অন্য ক্লাবগুলোও সায় দিয়েছে।’

এদিন পাশাপাশি ভেন্যু সংখ্যাও চূড়ান্ত করা হয়। আসছে মৌসুমে সাতটি ভেন্যুতে গড়াবে প্রিমিয়ার লিগের ম্যাচ। আবাহনী, আরামবাগ, শেখ জামাল, রহমতগঞ্জ, উত্তর বারিধারা, ব্রাদার্স ইউনিয়ন, পুলিশ এফসি ‘হোম’ ভেন্যু হিসেবে বেছে নিয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে।  চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে খেলবে চট্টগ্রাম আবাহনী। মোহামেডান কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামকে ঘরের মাঠ হিসেবে পেয়েছে। এছাড়াও মুক্তিযোদ্ধা গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামকে, শেখ রাসেল সিলেট জেলা স্টেডিয়ামকে, সাইফ স্পোর্টিং ময়মনসিংহের রফিক উদ্দীন ভুঁইয়া স্টেডিয়ামকে ও বসুন্ধরা কিংস নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামকে ‘হোম ভেন্যু’ হিসেবে পেয়েছে।

এদিন প্রিমিয়ার লিগে বিদেশিদের অংশগ্রহণ নিয়েও নতুন সিদ্ধান্ত হয়েছে। আগের নিয়মানুসারে পাঁচ জন নিবন্ধিত বিদেশি খেলোয়াড়ের চার জন খেলতে পারলেও আসছে মৌসুম থেকে পরিবর্তন আসছে এ নিয়মে। আগে বিদেশি খেলোয়াড়ের বদলি দেশি খেলোয়াড় দিয়ে করতে হতো ক্লাবগুলোকে, নতুন নিয়মে বিদেশি খেলোয়াড়কে বিদেশি খেলোয়াড় দিয়েই করতে হবে ক্লাবগুলোকে। তবে এশীয় খেলোয়াড়ের কোটা একই থাকছে বলে জানান সালাম মুর্শেদী।

কিছুটা পিছিয়ে হলেও প্রিমিয়ার লিগ শুরুর তারিখ মিলেছে। তবে চ্যাম্পিয়নশিপের শুরু এখনো রয়ে গেছে ধোঁয়াশাতেই। বাফুফের আশাবাদ, ফেব্রুয়ারির মাঝামাঝিতেই শুরু হবে চ্যাম্পিয়নশিপ লিগ।

সালাম মুর্শেদীর ভাষ্য, ‘চ্যাম্পিয়নশিপ নিয়েও আজ আলোচনা হয়েছে। আমরা এ নিয়ে পরবর্তী সভায় আলোচনা করব; কিন্তু তার পরও একটা সম্ভাব্য তারিখ দিয়ে দেই, সেটা হচ্ছে আগামী মাসের মাঝামাঝি থেকে শেষের দিকে লিগটা শুরু করতে চাই। অংশগ্রহণকারী ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে কখন লিগ শুরু করলে ভালো হবে, প্রস্তুতি সম্পন্ন হবে, তা জেনে আমরা চূড়ান্ত ঘোষণাটা দেব।’