পাহাড়ি এলাকার পরিবর্তে সমতল ভূমিতে কমলা চাষ করে সফল হয়েছেন চুয়াডাঙ্গার জীবননগরের ওমর ফারুক। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ভিজিটরদের ছবি ও ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় তার কমলা বাগান দেখতে দর্শনার্থীরা আসছেন।
উপজেলার রায়পুর ইউনিয়নের নিধিকুণ্ডু গ্রামের ওমর ফারুক জানান, তিনি মূলত একজন ক্ষুদ্র নার্সারি ব্যবসায়ী। অনেকটা আগ্রহের বসে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে নিধিকুণ্ডু গ্রামের মাঠে নিজের এক বিঘা জমিতে চায়না কমলার বাগান করেন। ১০০টি চারা ধরে এক বিঘায়। পরিচর্যার পর ২ বছরের মাথায় ২০১৮ সালের নভেম্বরে গাছে কমলা ধরে। এ কমলা অবিকল চায়নার কমলার মতো দেখতে এবং রং ও স্বাদে একই রকম। ঐ বছর তিনি আড়াই লাখ টাকার কমলা বিক্রি করেন এবং বাণিজ্যিকভাবে বাগান গড়ার জন্য ৩০ হাজার কলম চারা বাঁধেন। এ বছর প্রতিটি গাছে গড়ে ৫০ থেকে ৫৫ কেজি করে কমলা ধরেছে। তিনি জানান, কমলা চাষে খরচ কম লাগে। দর্শনার্থীদের দেখার জন্য কমলা গাছেই রেখে দিয়েছেন। খেতে দিচ্ছেন এ কমলা। গত দেড় মাসে ১৪ লাখ টাকার চারা বিক্রি করেছেন। এখনো ১৬ লাখ টাকার চারা বিক্রি হবে বলে তিনি আশা করছেন। উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার জানান, ওমর ফারুককে সকল প্রকার সহযোগিতা কৃষি বিভাগ থেকে করা হচ্ছে। আগ্রহী কমলা চাষিদের এ ব্যাপারে উদ্বুদ্ধ করা হচ্ছে।