মিথ্যা মামলা দায়ের করায় বাদীর কারাদণ্ড

প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় মামলার বাদী মেছলেহ উদ্দিন মিন্টুকে ১৫ দিনের কারাদণ্ড, একই সঙ্গে মামলার আট আসামিকে বেকসুর খালাস প্রদান ও তাদেরকে ১ হাজার টাকা করে ক্ষতিপূরণ, অনাদায়ে আরো ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। গতকাল বুধবার নোয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালত এ আদেশ দেন। আদালত এ সময় জাল জখমি সনদের ভিত্তিতে মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করায় মামলার তদন্তকারী কর্মকর্তা চরজব্বার থানার এসআই মো. রবিউল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে ২৭ আগষ্ট চরজব্বারে দক্ষিণ চরবাগ্যার মোজাম্মেল হেসেনের ছেলে মেছলেহ উদ্দিন জাল জখমি সনদ দাখিল করে মিথ্যা মামলা সাজিয়ে আট জনকে আসামি করে থানায় একটি জিআর মামলা দায়ের করেন। আদালতে সাক্ষ্য গ্রহণকালে চিকিত্সক জখমি সনদ জল বলে শনাক্ত করেন এবং বাদী ভিকটিম হাসপাতালে ভর্তি হননি বলে জানান। মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তাকে বার বার আদালত  সাক্ষ্য দেওয়ার জন্য হাজির হতে নির্দেশ দিলেও তারা উপস্থিত হননি। এ অবস্থায় আদালত বাদীর অনুপস্থিতিতে তাকে ১৫ ও ১০ দিন কারাদণ্ড ও আসামিদেরকে ক্ষতিপূরণ প্রদান এবং তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।