কুষ্টিয়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতন ও হত্যার দায়ে স্বামী আবদুল কাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। এ সময় তাকে আরো ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সে খোকসা উপজেলার দেবীনগর গ্রামের আবদুল খালেকের পুত্র। আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি আসামি আবদুল কাদের যৌতুকের দাবিতে নিজ বাড়িতে স্ত্রী মিলি খাতুনকে (২০) শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় মিলি খাতুনের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে খোকসা থানায় আবদুল কাদেরের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ৩১ মে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। দীর্ঘ সাক্ষ্য-শুনানি শেষে আসামি আবদুল কাদেরের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডসহ ১ লাখ টাকা জরিমানার আদেশ দেন বিজ্ঞ আদালত।