ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মূলগ্রাম ইউনিয়নের ডাবিরঘর এলাকা থেকে রতন মিয়া (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে বাড়ির অদূরে একটি টম্যাটো বাগান থেকে রক্তাক্ত লাশটি উদ্ধার করা হয়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। নিহত রতন ডাবিরঘর গ্রামের বাবরু মিয়ার ছেলে। পরিবারের দাবি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পার্শ্ববর্তী শ্যামনগর গ্রামের মো. হাসেম মিয়ার ছেলে কামাল হোসেনকে আটক করা হয়েছে। কসবা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।