পথ ভুলে হারিয়ে যাওয়া বৃদ্ধা

১৭ দিন পর ফিরে পেলেন স্বজনদের

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশন থেকে উদ্ধার হওয়া শতবর্ষী বৃদ্ধা ১৭ দিন পর স্বজনদের কাছে ফিরে গেছেন। মঙ্গলবার রাতে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বজনদের কাছে তাকে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, রহনপুর পৌর মেয়র তারিক আহমদ সেই বৃদ্ধার ছেলে আবুল কাশেম, পুত্রবধূ রহিমা বেগম, ঐ এলাকার ইউপি সদস্য বিল্লাল হোসেনসহ অন্যরা। ছোটো ছেলের যশোরের নাভারন বাড়ি থেকে বড়ো ছেলের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ যাওয়ার পথে ভুলক্রমে খুলনা থেকে রহনপুরগামী মহানন্দা ট্রেনযোগে রহনপুরে এসে পৌঁছেন রাহেলা খাতুন। গত ১২ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় রহনপুর রেল স্টেশন প্ল্যাটফরমে ঐ শতবর্ষী বৃদ্ধা অসহায় অবস্থায় পড়ে থাকার খবর প্রচার হলে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই তৌহিদ মন্ডল ও ডিএসবি সদস্য নুরুন্নবী সেদিন রাতে তাকে উদ্ধার করে রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এরই মধ্যে উপজেলা প্রশাসন তার সন্ধান চেয়ে ফেসবুকে একটি পোস্ট দেয়। বিভিন্ন সংবাদ মাধ্যমসহ সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে তার স্বজনরা গত সোমবার হাসপাতালে আসলেও মঙ্গলবার তার পরিচয় নিশ্চিত হয়।