মাঘের বৃষ্টিতে সারা দেশে শীতের তীব্রতা বেড়েছে। বুধবার কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়। জনজীবন স্থবির হয়ে পড়ে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
গোপালগঞ্জ: গোপালগঞ্জে সকাল ৬টা ২০ মিনিট থেকে থেমে থেমে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। এতে শীতের তীব্রতা বাড়ে। গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, বৃষ্টি দুই দিন থাকবে। শুক্রবার থেকে বৃষ্টি থেমে যাবে। শনিবার তাপমাত্রা কমে শীত বাড়তে পারে।
মাগুরা : সকাল থেকে মাগুরায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। বেড়েছে শীতের তীব্রতা। শীতে শিশুদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েই চলেছে। মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ১০ বেডের শিশু ওয়ার্ডে শতাধিক শিশু ভর্তি রয়েছে। শীতে শ্রমজীবী মানুষের দুর্ভোগ চরমে।
চাটমোহর (পাবনা) : চাটমোহরসহ চলনবিল অঞ্চলে ভোর থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়। একটানা দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত ছিল। সূর্যের দেখা মেলেনি। মাঘের এই বৃষ্টিতে শীত যেন জেঁকে বসেছে। চাটমোহরে বুধবার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বৃষ্টির কারণে শীতের তীব্রতা বাড়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।