আগৈলঝাড়ায় বৈরী আবহাওয়ায় কোল্ড ইনজুরিতে নষ্ট হচ্ছে কৃষকের বীজতলা ও রোপণ করা ধানের চারা। কয়েক দিনের কনকনে শীত আর কুয়াশার কারণে কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকের ইরি-বোরো বীজতলা ও মাঠে রোপিত ধানের চারা। কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে বীজতলার চারা ও রোপিত ধানের চারা হলুদ ও লালচে রং ধারণ করে আস্তে আস্তে মারা যাচ্ছে। ফলে বিপাকে পড়েছেন কৃষকরা। গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের কৃষক পসিম সন্যামত জানান, তার রোপিত বীজ ধানের চারা শীতের কারণে শুকিয়ে মারা যাচ্ছে। বীজতলারও একই অবস্থা। এভাবে বীজতলা ও রোপিত ধান বীজ চারা নষ্ট হয়ে গেলে তার মতো অনেক চাষির পক্ষে পুনরায় বীজ সংগ্রহ, জমিতে ধানের চারা রোপণ করা সম্ভব হবে না। উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছির উদ্দিন বলেন, যে আবহাওয়া বর্তমানে আছে তাতে চারা মারা যাবার নয়। অনেক চাষি বীজতলা থেকে তুলে রাখা দীর্ঘদিন যাবত্ দুর্বল বীজ লাগানোর কারণে চারা মারা যাচ্ছে। তারপরেও শীতের কারণে চারা মারা যাওয়াকে কোল্ড ইনজুরি সমস্যা জানিয়ে প্রতিরোধক হিসেবে রোপিত ধানের চারা ও বীজতলায় প্রতি শতাংশে ৪০ গ্রাম ইউরিয়া সার পানিতে মিশিয়ে স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যাবে। অকারণে বীজতলা বা রোপিত চারায় কোনো কীটনাশক ব্যবহার না করাই ভালো বলে জানান তিনি।