বরিশালে দুই দিনব্যাপী ইনোভেশন শোকেসিং সেমিনার ও মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে ফিতা কেটে এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী। মন্ত্রী পরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও এটুআইর সহযোগিতায় বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় এই মেলার আয়োজন করে। বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জাকারিয়ার সভাপতিত্বে অশ্বিনী কুমার হলে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাইউম সরকার, বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (অপরাধ বিভাগ) ফয়েজ আহমেদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মেহেদী-উল-শহিদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আতাহার মিয়া।