চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার
দায়ে স্বামীর যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী গোলাপ হাসদাকে (৪৬) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা দায়রা জজ মো. শওকত আলী আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এসময় তাকে আরো ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গোলাপ রাজশাহীর তানোর উপজেলার শালতলা চকরাতরাম গ্রামের পরমেশ্বরের ছেলে।
মামলার বরাত দিয়ে সরকারি অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান, ২০১৩ সালের ৪ আগস্ট স্বামীর সঙ্গে কথাকাটাকাটি হয় সবিনার। এর এক পর্যায়ে স্বামীর কোদালের আঘাতে গুরুতর জখম হন সবিনা। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেবার পথে ঐদিন সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। সবিনা খুনের ঘটনায় তার ভাই অসিন সরেন (২৯) ঐদিনই নাচোল থানায় গোলাপ হাসদাকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। ১১ জনের সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত গোলাপ হাসদাকে দোষী সাব্যস্ত করে এই দণ্ড প্রদান করেন।
গোপালগঞ্জে দেওয়াল পত্রিকা উত্সব
গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জে আন্তঃশিক্ষাপ্রতিষ্ঠান দেওয়াল পত্রিকা উত্সব অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ে পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এ উত্সবের আয়োজন করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মোরশেদ প্রধান অতিথি হিসেবে এ উত্সবের উদ্বোধন করেন। বিজের উপপরিচালক শাহি মাসুমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যাপক মঈন আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরুন মণ্ডল বীজের প্রোগ্রাম অফিসার মো. মামুনুর রশীদ বিশেষ অতিথির বক্তব্য দেন। দেওয়াল পত্রিকা উত্সবে শহরের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে উত্সবটি পালিত হয়।
কাহারোলে পাটচাষি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উত্পাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় কাহারোলে নির্বাচিত পাটচাষি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে। পাট অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয় দিনাজপুর এর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বুধবার দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান। প্রশিক্ষক ছিলেন দিনাজপুর কৃষি খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. তহিদুল ইকবাল, উপজেলা কৃষি অফিসার আবু জাফর মো. সাদেক, বিএডিসির উপপরিচালক বীজ বিপণন মো. মোজাফ্ফর হোসেন প্রমুখ। প্রশিক্ষণে ১০০ জন পাটচাষি অংশ নেন।
সড়ক দুর্ঘটনা রোধে মতবিনিময় ও আলোচন সভা
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা হয়েছে। বুধবার ভূরুঙ্গামারী থানা মাঠে এই সভায় সভাপতিত্ব করেন ওসি ইমতিয়াজ কবির। প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী খোকন, মোটর মালিক সমিতির সভাপতি খায়রুল আলম, মালিক সমিতির সম্পাদক স্বপন কুমার সাহা প্রমুখ।
শৈলকুপা থানায় ওপেন হাউজ ডে
ভ্রাম্যমাণ প্রতিনিধি মুজিববর্ষ উপলক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপা থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে থানা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে শৈলকুপা থানা পুলিশ। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার হাসানুজ্জামান।
সরাইলে ফ্রি চিকিত্সা ক্যাম্প
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাত সরাইলের শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামে বুধবার ফ্রি চিকিত্সা ক্যাম্প হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের অংশিদারিত্বে পিফরডি (প্ল্যাটফরমস্ ফর ডায়লগ) প্রকল্পের আওতায় ক্যাম্পের উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম। দিনব্যাপী দেড় শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র প্রদান করেছেন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক আনাস ইবনে মালেক ও মেডিক্যাল অফিসার ডা. লিটন খন্দকার। আর নিরীক্ষার মাধ্যমে দুই শতাধিক নারী-পুরুষ ও শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করেছেন প্যাথলজিস্ট মো. জাহাঙ্গীর মিয়া।
খামারিদের উপকরণ বিতরণ
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা মুজিববর্ষ উপলক্ষ্যে নাঙ্গলকোট উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম এনএটিপির সিআইজি খামারিদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে এসব উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুলের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু।
বৈদেশিক কর্মসংস্থানে সচেতনতাবিষয়ক সেমিনার
দাকোপ (খুলনা) সংবাদদাতা দাকোপে উপজেলা প্রশাসনের আয়োজনে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা, সচেতনতা বিষয়ক প্রেসব্রিফিং ও সেমিনার হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান।
করোনা ভাইরাস সচেতনতা সেমিনার অনুষ্ঠিত
বেনাপোল (যশোর) সংবাদদাতা বেনাপোল কাস্টমস ক্লাবে বুধবার করোনা নভেল ভাইরাস সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়। বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচক ছিলেন শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অশোক কুমার সাহা, অতিরিক্ত কমিশনার ড. নেয়ামূল ইসলাম, ডেপুটি কমিশনার পারভেজ রেজা প্রমুখ। সেমিনারে বক্তারা মাস্ক ও হ্যান্ডগ্লাভস ব্যবহারসহ সচেতন থাকার আহবান জানান।
বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়া উপজেলায় ৩০০ শিক্ষার্থীকে মেয়েদের উত্ত্যক্তকরণ, বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে শপথ পড়ালেন ওসি শেখ লুত্ফর রহমান। বুধবার উপজেলার তালপুকুরিয়া পঞ্চপল্লী উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান কোটালীপাড়া থানার ওসি শেখ লুত্ফর রহমান। তালপুকুরিয়া পঞ্চপল্লী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তুষার মধু এতে সভাপতিত্ব করেন।
বিনা মূল্যে চক্ষু শিবির
নেত্রকোনা প্রতিনিধি মুজিব বর্ষ উপলক্ষ্যে নেত্রকোনায় বিনা মূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। ‘রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রাল’ রোটারি জেলা ৩২৮১-এর আয়োজনে ময়মনসিংহ ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় বুধবার সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত জেলা শহরের বারহাট্টা রোডস্থ নেত্রকোনা বিএনএসবি চক্ষু হাসপাতালে এই চক্ষু শিবির হয়। নেত্রকোনা বিএনএসবি চক্ষু হাসপাতালের আহ্বায়ক মতিউর রহমান তালুকদারের সভাপতিত্বে চক্ষু শিবির উদ্বোধন করেন জেলা প্রশাসক।