দক্ষিণখানে চাচাতো ভাইয়ের পিটুনিতে আবুল কালাম আজাদ লিটন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রবিবার আহত হওয়ার পর তাকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছিল। গতকাল বুধবার সকালে সেখানেই তার মৃত্যু হয়।
দক্ষিণখান থানার ওসি সিকদার মো. শামীম হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দক্ষিণখানের কাওলা বেপারী বাড়ি এলাকায় লিটনকে লাঠি দিয়ে পেটায় তার চাচাত ভাই। এতে লিটন গুরুতর আহত হন। চিকিত্সাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রের দাবি, নিহত লিটন এলাকার বর্তমান ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান নাইমের দূর সম্পর্কের ভাই। তবে তিনি ও তার ভাইয়েরা এবার অন্য এক কাউন্সিলর পদপ্রার্থীকে সমর্থন দিয়েছেন। এ নিয়ে বিরোধের জের ধরে লিটনকে পেটানো হয়।
তবে দক্ষিণখান থানার ওসি বলেন, নির্বাচন সংক্রান্ত কোনো ঘটনার সঙ্গে লিটনের মৃত্যুর সম্পর্ক নেই। জমি সংক্রান্ত বিরোধেই মারামারির ঘটনা ঘটে। এরপর সাতজনকে আসামি করে একটি মামলা হয়। অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। তবে এখন ঐ মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।